'দুর্ভোগ-শঙ্কা নিয়েই ঘরে ফিরছে মানুষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি করেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। বাসযাত্রীরা সহজে ঢাকা ছাড়তে পারলেও মহাসড়কের বিভিন্ন স্থানে ও ফেরিঘাটে মারাত্মক যানজটে পড়ছেন। এ ছাড়া অনেক ট্রেন ও লঞ্চের সময়সূচিতে বিপর্যয় ঘটছে বলে দাবি করেছে বেসরকারি সংগঠনটি।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঈদ-পূর্ববর্তী এক পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে।

পর্যবেক্ষণে বলা হয়, এবার ঈদে ট্রেন ও বাসের টিকিট কালোবাজারি কম হলেও অনেক বাস ও লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার বাস নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না। এ ছাড়া দুর্ঘটনার ঝুঁকি সত্ত্বেও আইন লঙ্ঘন করে ট্রেন ও লঞ্চের ছাদে যাত্রী পরিবহন করা হচ্ছে। এসব কারণে ঘরমুখী মানুষকে দুর্ভোগ-দুর্দশা ও শঙ্কা মাথায় নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে ১ কোটি ২৯ লাখ মানুষ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন জেলায় যাবে। ঘরমুখী এসব মানুষের ৫৫ শতাংশ সড়কপথে, ২৫ শতাংশ নৌপথে এবং ২০ শতাংশ রেলপথে যাতায়াত করে। এই বিপুলসংখ্যক মানুষ ঈদ-পরবর্তী দ্রুততম সময়ে ফিরে আসবে। এই হিসেবে এবার সড়কপথে ৭০ লাখ ৯৫ হাজার, নৌপথে ৩২ লাখ ২৫ হাজার ও বাংলাদেশ রেলওয়ের ট্রেনে ২৫ লাখ ৮০ হাজার মানুষ যাতায়াত করবে। কিন্তু এসব মানুষের নিরাপদ-নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি ঈদ-পূর্ববর্তী সময়ে বাস ও লঞ্চের অগ্রিম টিকিট প্রাপ্তির ক্ষেত্রে বিড়ম্বনা ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে পারেনি প্রশাসন। পর্যবেক্ষণকালে একটি পরিবহন সার্ভিসের বিরুদ্ধে ভলভো এসি বাসে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের ভাড়া ১ হাজার ২০০ টাকার স্থলে দেড় হাজার টাকা এবং অন্য একটি কোম্পানির বিরুদ্ধে নন-এসি নরমাল বাসে ঢাকা থেকে গাইবান্ধার ভাড়া ৪৬০ টাকার স্থলে ৫২০ টাকা নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। তবে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে রেলওয়ের বিরুদ্ধে কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়।