'দুর্ভোগের সড়ক'
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া থেকে হাসনাবাদ পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের বেহাল দশা। বেশির ভাগ অংশের পিচ উঠে গেছে। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় বহু খানাখন্দের। এতে বিভিন্ন যানবাহনের যাত্রী ও পথচারীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নাথেরপেটুয়া রেললাইনের পশ্চিমপাড়ে বাজার পেরিয়ে দেখা গেল বড় আকারের গর্ত। ওই সড়কের ধোপামুড়ি, পরাণপুর, বানঘর, লক্ষণপুর বাজার, ভাউপুর, শাহাপুর, গোটরা, বাইশগাঁও, নয়নপুর, শ্রীপুর, মানরা, আমজারি ও হাসনাবাদ পর্যন্ত কমপক্ষে এক হাজার গর্ত দেখা যায়। তার ওপর সড়ক কম প্রশস্ত। এ পথ দিয়েই প্রতিদিন হাজার হাজার লোক কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে আসে। বানঘর এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলাম, মানরা গ্রামের আজমত আলী, বাইশগাঁও এলাকার ফরিদ উদ্দিনের সঙ্গে কথা হয় ভাউপুর এলাকায়। তাঁরা ক্ষোভ প্রকাশ করে জানান, পাঁচ বছর ধরে সড়কটি সংস্কার হয়নি। এতে করে শীত মৌসুমে বালু ওড়ে। বর্ষা মৌসুমে কাদায় একাকার হয়ে যায়। লক্ষণপুর বাজারের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, বাজারের পশ্চিম অংশে বহু আগে খোয়া ফেলা হয়েছিল। এরপর আর সেখানে পিচ দেওয়া হয়নি। লক্ষণপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. সফিক উল্লাহ বলেন, এটা একটা দুর্ভোগের সড়ক। একে তো বালু ওড়ে, তার ওপর গর্তে পড়ে একাকার হতে হয়।
হাসনাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল মুনাফ বলেন, রাস্তার অবস্থা খুবই খারাপ। এতে মানুষের হাঁটাই কঠিন হয়ে পড়েছে। সরকার থেকে নজর না দিলে এলাকাবাসীর দুর্ভোগ আরও বাড়বে।
মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম সম্প্রতি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে ওই সড়কে মেরামতকাজ শুরু হবে। এ জন্য ইতিমধ্যে সাড়ে চার কোটি টাকা বরাদ্দ হয়েছে। ১৩ কিলোমিটার সড়কের লাগোয়া আরও চার কিলোমিটার সড়ক মেরামত করা হচ্ছে।