দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দুর্যোগ মোকাবিলায় বিগত দশকগুলোতে বাংলাদেশ যে সক্ষমতা অর্জন করেছে, তা ইতিমধ্যে বিশ্বে স্বীকৃতি পেয়েছে। ঢাকায় সম্ভাব্য ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
রাজধানীর আর্মি গলফ ক্লাবে গতকাল বৃহস্পতিবার ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর্মি গলফ ক্লাব ও তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে পাঁচ দিনের ওই অনুশীলনের আয়োজন করে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগ এবং যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি সেনাদল। সরকারি-বেসরকারি পর্যায়ের দেড় শ জন পেশাদার এতে অংশ নেন। ছিলেন বিদেশিরাও।
বড় বা মাঝারি মাত্রার একটি ভূমিকম্পের পরে ঢাকার অবস্থা কী হবে! বিদ্যুৎ-পানি-গ্যাসের সরবরাহ, মুঠোফোন বা টেলিযোগাযোগব্যবস্থা থাকবে? সরকারি-বেসরকারি উদ্ধারকর্মীদের মধ্যে সমন্বয় হবে কীভাবে? বিদেশ থেকে আসা সাহায্যগুলোই বা গ্রহণ করা হবে কী উপায়ে? সম্ভাব্য এসব বিপদের কার্যকর প্রস্তুতি নিতেই আয়োজন করা হয়েছিল যৌথ অনুশীলনের।
গতকালের সমাপনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক এবং মানুষের সৃষ্ট একেকটি দুর্যোগ একেক রকমের। সেই বিবেচনায় ঢাকার মতো একটি ঘনবসতিপূর্ণ শহরে ভূমিকম্প কী ফল বয়ে আনবে, তা যদি আমরা কল্পনা করি, তাহলে বলতে হবে, এই ধরনের অনুশীলনের গুরুত্ব অপরিসীম।’ তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম বলেন, ‘আমাদেরকে আমাদের মতো করে প্রস্তুতির চর্চা করে যেতে হবে।’
ঢাকার মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডেভিড মিল বলেন, কয়েক দিন আগে নেপালে বিধ্বংসী ভূমিকম্প হয়ে গেছে। এ ধরনের অনিবার্য ঘটনার জন্য ঢাকা শহর আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত।
ইউএস আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল গ্রেগরি সি বিলটন এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুশীলনে সশস্ত্র বাহিনী বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, স্বরাষ্ট্র, যোগাযোগ মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস, পুলিশ, সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ), রেড ক্রিসেন্ট, বিভিন্ন এনজিও, অপেশাদার রেডিও অপারেটররা (হ্যাম) এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও অংশ নেন।