'দুলুর রাজ্যের বোবারা' কথা বলছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুলুর রাজ্যে সবাই বোবা’।
প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম ছিল এটি। সেটা ২০০৬ সালের ১০ সেপ্টেম্বরের কথা। নাটোর বিএনপির শীর্ষ নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার ওরফে দুলুর দল তখন ক্ষমতায়। তিনি ছিলেন ভূমি উপমন্ত্রী।
কিন্তু পরিস্থিতি অনেক বদলে গেছে। জেলাজুড়ে রুহুল কুদ্দুসের সেই আধিপত্য আর নেই। তবে নিজ দল বিএনপিতে তিনি এখনো একাধিপতি।
গতকাল বুধবার পুরোনো সেই প্রতিবেদনের কথা আবার মনে করিয়ে দিলেন নাটোর বিএনপির কয়েকজন নেতা। তাঁরা বললেন, ‘আর মুখ বুজে সহ্য করার সময় নেই। তাই দলের ভেতরে এত দিন যাঁরা বোবা হয়ে ছিলেন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সেই বোবারাও কথা বলতে শুরু করেছেন।’
শুধু কথা বলেই ক্ষান্ত হননি। নাটোর সদর উপজেলা নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল কুদ্দুসের ভাতিজি জামাই রহিম নেওয়াজের বিরুদ্ধে জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলামকে দাঁড় করিয়ে দিয়েছেন তাঁরা।
দ্বিতীয় পর্যায়ে নাটোরে আজ নাটোর সদর, লালপুর, বাগাতিপাড়া ও গুরুদাসপুর উপজেলায় নির্বাচন হচ্ছে। এর মধ্যে একমাত্র বাগাতিপাড়ায় আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। কিন্তু এ চারটি উপজেলার সব কটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
গতকাল সকালে সিরাজুল ইসলামের সঙ্গে আলাপ হয় স্থানীয় বিএনপির এক নেতার বাসায়। তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। সেখানে উপস্থিত তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট এবং জেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় যা-ই আসুক না কেন, রুহুল কুদ্দুসের আত্মীয়করণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একজন প্রার্থী দাঁড় করানোর মধ্য দিয়ে নির্বাচনের আগেই একটি বিজয় পেয়ে গেছেন তাঁরা।’
বিএনপির নেতাদের কারও কার এ অভিযোগ, দলীয় নেতৃত্ব নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী সমর্থন—কোনো কিছুতেই গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া মেনে চলেন না রুহুল কুদ্দুস। সর্বত্র তিনি আত্মীয়করণ করছেন। তিনি নিজে জেলা বিএনপির সভাপতি, তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমীন সহসভাপতি, বড় ভাই রুহুল আমিন তালুকদার পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, চাচাতো ভাই আতিকুর রহমান তালুকদার নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি, আরেক চাচাতো ভাই আবিদুর রহমান তালুকদার বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, আবদুল হাই তালুকদার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, খালাতো ভাই মাতিনুর রহমান মৃধা মাধনগর ইউনিয়ন বিএনপির সভাপতি।
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রহিম নেওয়াজ সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি। তিনি হলেন রুহুল কুদ্দুসের বড় ভাই আমিন তালুকদারের মেয়ে রেবা তালুকদারের স্বামী।
জেলা জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন খান বলেন, রুহুল কুদ্দুস নিজের ভাতিজি জামাইকে প্রার্থী করার ব্যাপারে গোঁ ধরে থাকায় শেষ পর্যন্ত এখানে নির্বাচনগত ঐক্য রক্ষা করা যায়নি। নাটোর সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির ঐক্য হয়নি। জেলা জামায়াতের আমির ইউনুস আলী এখানে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
রুহুল কুদ্দুস অবশ্য বিএনপিতে তাঁর আত্মীয়স্বজনের নেতৃত্ব পাওয়ার বিষয়টিকে স্বাভাবিক বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘আমার স্বজনেরা বিএনপির রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। দল করতে গিয়ে ভাতিজা, ভাই প্রাণ দিয়েছেন। জেল খেটেছেন অনেকেই। আমার আত্মীয়রা নিজেদের যোগ্যতায় দলের পদ-পদবি পেয়েছেন।’
নাটোর শহরের আলাইপুরে তাঁর বাসভবনে গতকাল দুপুরে যখন আলাপ হয় তখন সেখানে বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। রুহুল কুদ্দুস ইউপি চেয়ারম্যানদের দেখিয়ে বলেন, ‘আপনারা এই মানুষগুলোকেই জিজ্ঞেস করে দেখেন, আমি একবারও আমার ভাতিজি জামাইকে প্রার্থী করার কথা বলেছি কি না? তৃণমূলের সমর্থন নিয়েই রহিম প্রার্থী হয়েছেন।’
রুহুল কুদ্দুস জামায়াতে ইসলামীর প্রতি তাঁর বিরূপতার কথা স্পষ্টভাবে উল্লেখ করে বলেন, ‘আমি জামায়াত পছন্দ করি না। ব্যক্তিগতভাবে জামায়াতের সঙ্গে ঐক্য করে চলার নীতির বিরোধী আমি। তবু দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে তাঁদের সঙ্গে আপসরফা করার চেষ্টা করেছি।’
বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও জামায়াতের সঙ্গে অনৈক্যের কারণে সদর উপজেলায় আজকের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শরিফুল ইসলাম ওরফে রমজান সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে দাবি করেছে আওয়ামী লীগ।
শরিফুল ইসলাম নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করছেন বলে অভিযোগ এনেছেন বিএনপি-সমর্থিত প্রার্থী রহিম নেওয়াজ। রহিম নেওয়াজ রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে ২৫টি কেন্দ্রে ভোট জালিয়াতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে অতিরিক্ত নিরাপত্তা চেয়েছেন।
শরিফুল ইসলাম বলেন, তিনি কোথাও কোনো প্রভাব বিস্তারের চেষ্টা করেননি। প্রতিপক্ষ প্রার্থী পরাজয় নিশ্চিত জেনে পরিপ্রেক্ষিত তৈরি করছেন।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ কুতুব বলেন, প্রশাসন নিরপেক্ষ নির্বাচন করার জন্য কাজ করে যাচ্ছে।