'দূর-সম্পর্ক' গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফে মাথিনের কূপের সামনে ‘দূর-সম্পর্ক’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। ছবি: প্রথম আলো
টেকনাফে মাথিনের কূপের সামনে ‘দূর-সম্পর্ক’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফে পর্যটন স্পট ঐতিহাসিক স্মৃতিবিজড়িত মাথিনের কূপের সামনে রোববার সন্ধ্যায় হয়ে গেল ‘দূর-সম্পর্ক’ উপন্যাসের প্রকাশনা অনুষ্ঠান। মাথিনকে নিয়ে উপন্যাসটি লিখেছেন বিশ্বজিৎ চৌধুরী।

টেকনাফ বন্ধুসভার আয়োজনে প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনাফ বন্ধুসভার সভাপতি আবদুল মতিন ডালিম। প্রধান অতিথি ছিলেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ, টেকনাফ ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীল, প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন, কক্সবাজার জেলা বন্ধুসভার সভাপতি কাজী মিজানুর রহমান, টেকনাফ বন্ধুসভার সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদ, টেকনাফ সাংবাদিক ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল হোসাইন, সাংবাদিক আবদুর রহমান, আবুল আলী, নুর হাকিম আনোয়ার, সাইফুদ্দীন মো. মামুন প্রমুখ।

বক্তারা বলেন, ধীরাজ ও মাথিনের প্রেমকাহিনি নিয়ে নানা কথা চালু আছে টেকনাফে। ধীরাজ ভট্টাচার্য তাঁর আত্মজীবনীমূলক ‘যখন পুলিশ ছিলাম’ গ্রন্থে বিষয়টির অবতারণা করেছেন। কিন্তু বিশ্বজিৎ চৌধুরী ভিন্ন আঙ্গিক ও দৃষ্টিভঙ্গিতে বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করেছেন। সমসাময়িক একটি ঘটনার সমান্তরালে অতীতকে তুলে এনেছেন তিনি। এখানেই মাথিনের কাহিনি নতুন মাত্রা পেয়েছে। পাঠক এই উপন্যাসে ইতিহাস যেমন পাবেন, তেমনি বর্তমান সময়ের প্রেক্ষাপটে কাহিনির নতুন বাঁকবদলের স্বাদ ও পাবেন।

উল্লেখ্য, এ বছর বইমেলায় বিশ্বজিৎ চৌধুরীর ‘দূর-সম্পর্ক’ উপন্যাসটি বের করেছে প্রথমা প্রকাশন।