'দূষণকারীরা কথা বলো, আমরা চলি'

জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-১৯ এর বিভিন্ন অধিবেশনের পাশাপাশি চলছে পরিবেশবাদী বেশ কিছু সংগঠনের অভিনব প্রতিবাদ-সমাবেশ।
বৃহস্পতিবার সম্মেলনকেন্দ্র ওয়ারশ স্টেডিয়ামের প্রবেশদ্বারে কড়া পুলিশ পাহারা ছিল। গেট থেকে সামান্য দূরে কিছু এনজিও সংগঠন ‘গ্রিন গ্রুপ’-এর ব্যানারে স্লোগান দিচ্ছিল। তাদের কথা হলো, পরিবেশ বিপর্যয় ঠেকাতে এত বড় আয়োজন করে সম্মেলনের কোনো দরকার নেই। তাহলে বিকল্প কী? এ প্রশ্নের উত্তরে ওরা বলে, সবাইকে নিরামিষভোজী হতে হবে। মাছ-গোশত রান্নায় যে পরিমাণ কার্বন বাতাসে ছড়ায়, তা বন্ধ করলেই যথেষ্ট অগ্রগতি হবে!
বেলা দেড়টায় সম্মেলন ভেন্যুর লেভেল-১(সি)-এর খোলা চত্বরে কয়েকটি এনজিও সংগঠনের মিলিত সংবাদ সম্মেলন ছিল। সেখানে গিয়ে দেখি লোকে লোকারণ্য। টিভি ক্যামেরা আর লম্বা ডাঁটির মাথায় মাইক্রোফোন ধরে সাংবাদিকেরা উদ্যোক্তাদের প্রশ্ন করছেন। মাইক ছিল না। ‘জেন্ডার সিসি, উইমেন ফর ক্লাইমেট জাস্টিস’ ব্যানারে এই আয়োজন করা হয়। তাঁদের স্লোগান ছিল, ‘পলিউটারস টক—উই ওয়াক’ (দূষণকারীরা কথা বলে যাও, আমরা চলি)। খুবই তাৎপর্যপূর্ণ স্লোগান! কপ-১৯ সম্মেলনে নারী ইস্যুতে বেশ কিছু অগ্রগতি হয়েছে উল্লেখ করে তাঁরা বলেন, যদি ফলপ্রসূ জলবায়ু নীতি গৃহীত না হয়, তাহলে শুধু নারী ইস্যুতে অগ্রগতি সাধনে লাভ কী? তাঁরা বলেন, ‘আমরা যাচ্ছি, কিন্তু একেবারে ছেড়ে যাচ্ছি না, আরও বড় শক্তি নিয়ে কপ-২০ সম্মেলনে ফিরে আসব।’
জলবায়ু সম্মেলনে নারীদের উপস্থিতি ও প্রতিনিধিত্ব আগের চেয়ে অনেক বেড়েছে, সন্দেহ নেই। কিন্তু তার পরও বলতে হয় সেই বৃদ্ধি আশাপ্রদ নয়।
জেন্ডার সিসি, উইমেন ফর ক্লাইমেট জাস্টিসের স্টলে এ বিষয়ে খোঁজখবর নিয়ে জানতে পারি যে গত বছর কপ-১৮ সম্মেলনে নারী প্রতিনিধিত্ব ছিল সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে ২০ শতাংশ ও সব মিলিয়ে মোট অংশগ্রহণকারী সদস্যসংখ্যার ৩০ শতাংশ। এই সংখ্যানুপাত যে এখনো কম, তা বলার অপেক্ষা রাখে না। এবারের সম্মেলনে প্রতিনিধিত্বের অনুপাত হয়তো কিছু বেড়ে ৩৫ শতাংশ হতে পারে। কিন্তু সেটা ৫০-৫০ হবে না কেন?
প্লেনারি সেমিনার কক্ষে আমার পাশে আমেরিকার একটি পরিবেশ আন্দোলন সংগঠনের দুজন নারী সদস্য বসেছিলেন। জিজ্ঞেস করে জানতে পারি যে শুধু তাঁদের সংগঠনের ছয়জন সদস্যের মধ্যে পাঁচজনই নারী। এ রকম সংগঠনের উপস্থিতি সম্মেলনে অনেক রয়েছে। আবার খুব কমও রয়েছে। প্রাথমিক হিসাবে দেখা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে সরকারি-বেসরকারি, এনজিও মিলিয়ে অংশগ্রহণকারী মোট প্রতিনিধিদের মধ্যে নারীর অংশগ্রহণ ৫-৭ শতাংশের বেশি নয়।
সম্মেলন ২২ নভেম্বর শেষ হবে। প্লেনারি সেগমেন্টে প্রতিটি দেশের নেতারা তিন-চার মিনিট করে বক্তব্য দিচ্ছেন। এদের মধ্যে যেমন রয়েছে ইউরোপ-আমেরিকার বড় বড় দেশ, অস্ট্রেলিয়া; তেমনি রয়েছে নিউইর মতো ছোট ছোট দেশও। নিউইর জনসংখ্যা মাত্র ৪০০। এ রকম ‘ডট কান্ট্রি’র সংখ্যা বিশ্বে প্রায় ৫০টি। এরা প্রধানত সমুদ্রে বিন্দু বিন্দু ভাসমান দ্বীপ। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিণতি হবে তাদের। তাই তারা উদ্বিগ্ন। প্রতিটি দেশের দলপ্রধান বা মন্ত্রী তাঁদের বক্তৃতার শুরুতে ফিলিপাইনে সুপার টাইফুনে বিপর্যস্ত দেশের মানুষের প্রতি সহানুভূতি ব্যক্ত করেন। ফিলিপাইনকে সবাই জলবায়ু পরিবর্তনের ভয়াবহ শিকার বলে উল্লেখ করে বলছেন, আর বসে থাকা যায় না, এখনই কিছু কাজ শুরু করতে হবে।
সব দেশের প্রতিনিধিরাই প্লেনারি সেশনে কপ-১৯ সম্মেলনে একটি সর্বসম্মত সিদ্ধান্তে আসার বিষয়ে আশা ব্যক্ত করছেন। বিকেলে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব শফিকুল ইসলাম পাটোয়ারি তাঁর বক্তব্যে জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিতে বিপর্যয়ের আশঙ্কা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শিগগিরই আইনগত বাধ্যবাধকতা কার্যকর না হলে পুরো মানবজাতি অস্তিত্ব-সংকটে পড়বে। আমরা বিশ্বাস করি, চলমান আলোচনার মাধ্যমে বিশ্ব সম্প্রদায় প্যারিস প্রটোকল স্বাক্ষরের লক্ষ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন ও প্রশমন কার্যক্রমের ব্যাপারে বৈশ্বিক সমঝোতায় পৌঁছাবে। আমরা চাই, ২০১৫ সালে আইনগত চুক্তি স্বাক্ষরের ব্যাপারে একটি সুনির্দিষ্ট পথনকশা।’
লস অ্যান্ড ড্যামেজ ও এডিপি (ডারবান প্র্যান বিষয়ে) নিয়ে ২১ নভেম্বর গভীর রাত পর্যন্ত দর-কষাকষি চলেছে। এ দুটি মূল ইস্যুতেই আলোচনা আটকে আছে। কয়েকটি উন্নত দেশ অর্থায়নে নতুন কোনো প্রতিশ্রুতি দিতে এখনো রাজি নয়। তার পরও শেষ দিনে একটি সর্বসম্মত সিদ্ধান্তে আসা সম্ভব হবে বলে সবাই মনে করছেন।