চট্টগ্রামের বোয়ালখালীতে রেল দুর্ঘটনায় ফার্নেস তেল খালে পড়ে নদী দূষণের জন্য রেল কর্তৃপক্ষ দায়ী। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘জলাশয় ও জলাধার রক্ষা কমিটি’ আয়োজিত মানববন্ধনে বক্তারা এ অভিযোগ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ফার্নেস তেল ছড়িয়ে পড়ায় জীববৈচিত্র্যে মারাত্মক ক্ষতি হয়েছে। এর জন্য রেল কর্তৃপক্ষকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ আদায়ের জন্য পরিবেশ অধিদপ্তরকে তৎপর হওয়ারও আহ্বান জানান বক্তারা।
সংগঠনের আহ্বায়ক রেহানা বেগম রানুর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক রশিদ আহমেদ, পরিবেশবিদ ইদ্রিস আলী, চট্টগ্রাম সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ রেজাউল করিম, সাংবাদিক এম নাসিরুল হক, মানবাধিকার কর্মী বিবি জয়নব। সচেতন নাগরিক কমিটির চট্টগ্রামের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার, কিডনি ফাউন্ডেশনের সভাপতি মঈনুল ইসলাম মাহমুদ, উন্নয়নকর্মী শরীফ চৌহানসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী মানববন্ধনের প্রতি সংহতি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্ঘটনার পরপরই রেল কর্তৃপক্ষ ও বন্দর যদি কার্যকর উদ্যোগ নিত, তাহলে এতটা দূষণ হতো না। দুর্ঘটনার ৬০ ঘণ্টা পর বন্দরের জাহাজ ঘটনাস্থলে যায়। অথচ তারা আরও আগে যেতে পারত। এই উদাসীনতায় যে ক্ষতি হলো তার দায় রেল ও বন্দর কর্তৃপক্ষকেই নিতে হবে।