'দৃষ্টান্ত স্থাপনে দ্রুত বিচার চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলেজছাত্রী খাদিজা বেগমের ওপর হামলাকারী বদরুল আলমের শাস্তির দাবিতে গতকাল সুনামগঞ্জ শহরে মানববন্ধন করেন আইনজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ l ছবি: প্রথম আলো
কলেজছাত্রী খাদিজা বেগমের ওপর হামলাকারী বদরুল আলমের শাস্তির দাবিতে গতকাল সুনামগঞ্জ শহরে মানববন্ধন করেন আইনজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ l ছবি: প্রথম আলো

‘মেয়ের বাবা হিসেবে আলাদা কোনো দাবি নেই। আমার মেয়ের মতো আর কোনো মেয়ে যাতে এ রকম ঘটনার মুখে না পড়ে, সেই দৃষ্টান্ত স্থাপনে আমি দ্রুত বিচার চাই। আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাই।’

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী আহত খাদিজা বেগমের বাবা মাসুক মিয়া গত শনিবার সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় সমাবেশে বক্তৃতায় এসব কথা বলেন। তিনি সৌদি আরব থেকে গত বৃহস্পতিবার দেশে ফিরে স্কয়ার হাসপাতালে মেয়েকে দেখে পরদিন শুক্রবার বাড়ি ফেরেন।

‘সিলেট সদর উপজেলার সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ। এতে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। খাদিজার ওপর হামলাকারী ছাত্রলীগের নেতা বদরুল আলমের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজাত আলী রফিক, আইনজীবী নূরে আলম সিরাজী, জেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক হেনা বেগম, জেলা ছাত্রদলের সহসভাপতি মুরাদ হোসেন, তেমুখী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুবের আহমদ প্রমুখ।

বদরুলের কঠোর শাস্তির দাবিতে গতকাল রোববারও সিলেট নগরে কর্মসূচি অব্যাহত ছিল। বিকেলে ফ্রেন্ডস সোসাইটির ব্যানারে কয়েকটি সামাজিক সংগঠন মানববন্ধন ও সমাবেশ করে। সংগঠনের সভাপতি রিপন মিয়ার সভাপতিত্বে সমাবেশে বৃহত্তর গণদাবি ফোরামের সিলেটের সভাপতি আখলাক আহমদ চৌধুরী, ফ্রেন্ডস সোসাইটির সহসভাপতি এম জাকারিয়া আহমদ, সহসাধারণ সম্পাদক আবদুল মতিন প্রমুখ বক্তব্য দেন।

গত সোমবার বিকেলে পরীক্ষার হল থেকে বের হওয়ার পর খাদিজাকে কুপিয়ে আহত করেন ছাত্রলীগের নেতা বদরুল। পরে খাদিজার সহপাঠী ও স্থানীয় জনতা ধাওয়া করে বদরুলকে আটকের পর পুলিশে সোপর্দ করে। তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক। খাদিজাকে প্রথমে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এক দফা অস্ত্রোপচার শেষে ঢাকায় পাঠানো হয়। স্কয়ার হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

দ্রুত বিচারের আশ্বাস পিপির: সিলেটের আলোচিত শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার মতো কলেজছাত্রী খাদিজা বেগমের ওপর হামলা মামলার বিচারপ্রক্রিয়া দ্রুত করা হবে বলে আশ্বাস দিয়েছেন সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ। গত শনিবার রাতে আইনজীবীদের নিয়ে খাদিজার গ্রামের বাড়ি সিলেটের জালালাবাদ থানা এলাকার হাউসা গ্রামে গিয়ে পরিবারের সদস্যদের এ আশ্বাস দেন।

সুনামগঞ্জ প্রতিনিধি জানান, খাদিজার ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারী বদরুলের শাস্তির দাবিতে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনের সড়কে গতকাল সকাল ১০টায় মানববন্ধন করে জেলা মানবাধিকার কাউন্সিল। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো. শেরেনুর আলী, জেলা মানবাধিকার কাউন্সিলের সাধারণ সম্পাদক আবদুল জলিল, আইনজীবী আবদুল করিম প্রমুখ।

যশোর অফিস জানায়, শহরের চিত্রা মোড়ে গতকাল মানববন্ধন কর্মসূচির আয়োজন করে প্রথম আলো যশোর বন্ধুসভা। ‘খাদিজাকে হত্যাচেষ্টার বিচার চাই, আসুন, বখাটেদের রুখে দিই’—এ আহ্বানে এক ঘণ্টার এ কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাবেক সভাপতি হারুন-অর-রশীদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বাংলাদেশ মহিলা পরিষদ যশোর শাখার সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যশোর সদর উপজেলা কমান্ডের ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দোদুল, স্বপ্ন দেখো সমাজকল্যাণ সংস্থার পরিচালক জহির ইকবাল, বন্ধুসভার সভাপতি লাকি কাপুড়িয়া প্রমুখ।