'দৃষ্টিপ্রতিবন্ধীরা বোঝা নয়, সম্পদ'
দৃষ্টিপ্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা সম্পদ। তাদের সহযোগিতা করলে তারাও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম নগরের খুলশী এলাকার লায়ন্স চক্ষু হাসপাতালের সম্মেলনকক্ষে বাংলাদেশ দৃষ্টিপ্রতিবন্ধী কল্যাণ সোসাইটি এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রায় ৫০ জন দৃষ্টিপ্রতিবন্ধীকে সাদাছড়ি দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর মোস্তাক হোসেন, দৃষ্টিপ্রতিবন্ধী সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ, আয়োজক সংগঠনের চেয়ারম্যান এম মোশাররফ হোসেন।
আলোচনা সভায় আয়োজকেরা দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য রেলের শীতাতপনিয়ন্ত্রিত কোচে ও গণপরিবহনে দুটি করে আসন সংরক্ষণের দাবি জানান। এ ছাড়া রাস্তায় চলাচল এবং পারাপার ব্যবস্থা সহজ ও নির্বিঘ্ন করার দাবি জানানো হয়।
সভায় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাহলে তারা নিজেরাই স্বাবলম্বী হবে। এতে তারা সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারবে।
আলোচনা সভার আগে নগরের জিইসি মোড় থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরাও অংশ নেয়।
এদিকে দিবসটি উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জেলা সমাজসেবা অধিদপ্তর। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বন্দনা দাশ, বেসরকারি সংস্থা ইপসার নির্বাহী পরিচালক মো. আহসান উল্লাহ, ডিজঅ্যাবল্ড স্টুডেন্টস সোসাইটি অব চিটাগাং ইউনিভার্সিটির (ডিসকু) সভাপতি সোলায়মান বাদশা।
আলোচনা সভার আগে নগরের প্রবর্তক মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়। নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে শোভাযাত্রা শেষ হয়।