‘দেখতে চাইলে ফিটফাট চলে আসেন সদরঘাট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের নৌপথের হারানো গৌরব ফেরাতে বর্তমান সরকার নানা উন্নয়নমূলক কাজ করেছে বলে দাবি করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। গতকাল বুধবার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ছয়টি অয়েল ট্যাংকার হস্তান্তরবিষয়ক এক অনুষ্ঠানে তিনি এই দাবি করেন।গতকাল বেলা ১১টায় উপজেলার হোসেনদী ইউনিয়নের ভবানীপুরে খান ব্রাদার্স শিপ বিল্ডিং লিমিটেডের কার্যালয়ে ওই হস্তান্তর অনুষ্ঠান হয়। এ সময় প্রতিষ্ঠানটির তৈরি তিনটি ফেরি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাছে হস্তান্তর করা হয়।বর্তমান সরকার চার বছরে নৌসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন করেছে দাবি করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী বলেন, ‘ঢাকার সদরঘাটে অবৈধ দখলদার উচ্ছেদ করে এর ব্যাপক উন্নয়ন করা হয়েছে। কথিত আছে, “ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট”। আমি এখন বলতে চাই, দেখতে চাইলে ফিটফাট, চলে আসেন সদরঘাট।’মন্ত্রী জানান, সরকার দেশের নৌপথের হারানো গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনাসহ পণ্য পরিবহন এবং মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ৩৬টি নদীর খননকাজ শেষ করেছে। আরও বক্তব্য দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ এম ইদ্রিস আলী, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সারাহ বেগম কবরী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. মজিবুর রহমান, ওয়ান ব্যাংকের চেয়ারম্যান সাইদ এইচ চৌধুরী, খান ব্রাদার্স শিপ বিল্ডিং লিমিটেডের চেয়ারম্যান এনামুল কবির খান প্রমুখ। সভাপতিত্ব করেন খান ব্রাদার্স শিপ বিল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান।