‘দেনার টাকা শোধ দিতে’ ফুফার বাসায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন আশরাফ আলী সড়কে দুপুরবেলা কলবেল চেপে ডাকাতি করার ঘটনায় নয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে লুট করা স্বর্ণালংকারের কিছু অংশ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গত সোম ও মঙ্গলবার চট্টগ্রাম নগর ও পটিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে শেখ মোস্তান (৩০) নামের একজন স্বীকার করেছেন, পরিকল্পনা অনুযায়ী তাঁর আপন ফুফা হাজি আবদুস সালামের বাসায় ডাকাতি হয়। তাঁদের কাছ থেকে প্রায় সাড়ে চার ভরি ওজনের স্বর্ণালংকার, ১৫ হাজার টাকা ও তিনটি মুঠোফোনের সেট উদ্ধার করা হয়।গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি, উত্তর) আমেনা বেগমের কার্যালয়ে শেখ মোস্তান সাংবাদিকদের জানান, দেনার টাকা পরিশোধ করতে চাচাতো ভাই মোর্শেদ (৩০) ও মোর্শেদের বন্ধুদের নিয়ে তিনি এ পরিকল্পনা করেন।১৬ ডিসেম্বর সবুরা মঞ্জিল নামের ওই বাড়ির তৃতীয় তলায় ডাকাতি হয়।শেখ মোস্তান ও মোর্শেদ ছাড়া গ্রেপ্তারকৃত বাকি সাতজন হলেন: রোমান (২১), জয়নুল আবেদিন (২৮), রিপন (২১), দেলোয়ার (২০), সোলায়মান (২৭), ছোট সোলায়মান (২৬) ও শাহনূর (২৮)।মোস্তান বলেন, নগরের আগ্রাবাদ এলাকায় তাঁর একটি জুতার দোকান রয়েছে। ব্যবসায়িক ক্ষতির কারণে তিনি দুই লাখ টাকা দেনা হন।ডিসি আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘মোস্তান, রোমান ও দেলোয়ার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’ঘটনার বর্ণনা দিয়ে গ্রেপ্তারকৃত রোমান বলেন, ‘বেলা একটার দিকে কলবেল টিপে আমরা চারজন ওই বাসায় ঢুকে ছোরার ভয় দেখিয়ে স্বর্ণালংকার, মোবাইল ও টাকা নিয়ে আসি। এ সময় অন্যরা ভবনের নিচে অবস্থান নিয়ে পাহারা দিচ্ছিল।’কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নেজাম উদ্দিন জানান, মোস্তান চাচাতো ভাই মোর্শেদ ও তাঁর বন্ধুদের নিয়ে ১২ ডিসেম্বর পটিয়ার শান্তিরহাট এলাকার একটি দোকানে বসে ডাকাতির পরিকল্পনা করেন। এ ঘটনায় জড়িত অপর দুজনকে তাঁরা খুঁজছেন।নেজাম উদ্দিন বলেন, ডাকাতির ঘটনার পর মামলার এজাহারে ২৫ ভরি স্বর্ণালংকার ও ৭৪ হাজার টাকা ডাকাতির কথা উল্লেখ থাকলেও গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সাত ভরি স্বর্ণ ও ৩০ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন।