আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল বুধবার চট্টগ্রাম নগরে আলোচনা সভা, শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও বেসরকারি সংগঠন। এসব সমাবেশে বক্তারা বলেন, জাতীয় জীবনে নারীর অবদান অসামান্য। নারীরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। দেশ গড়তে নারী-পুরুষকে একযোগে কাজ করতে হবে।
চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগ ঐতিহাসিক ৭ মার্চ ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিকেলে নগরের প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসিনা মহিউদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আনজুমান আরা চৌধুরী, সহসভাপতি মমতাজ খান, নুরুননাহার মোতালেব, সাংগঠনিক সম্পাদক হোসনে আরা, সম্পাদকমণ্ডলীর সদস্য রহমতুননেছা, আয়েশা আলম, খুরশিদা বেগম, রোকসানা আক্তার।
বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন না করে দেশের অগ্রগতি সম্ভব নয়। নারী-পুরুষের বৈষম্য কমিয়ে এগিয়ে যেতে হবে। তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।
বেসরকারি সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি নগরের ডিসি হিলে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সিটি করপোরেশনের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, বিএনপিএসের চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ ফেরদৌস আহাম্মদ, সংগঠক শরীফ চৌহান, উন্নয়ন কর্মকর্তা এস এম এরশাদুল করিম।
নারীর প্রতি সহিংসতা ও যৌন হয়রানি এবং বাল্যবিবাহ বন্ধের দাবিতে চট্টগ্রামে সাইকেল শোভাযাত্রা করেছে ব্র্যাক। মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচি এই শোভাযাত্রার আয়োজন করে। সকাল সাড়ে নয়টায় নগরের লালদিঘি মাঠে র্যা লির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল জলিল। বিশেষ অতিথি ছিলেন নারীনেত্রী জেসমিন সুলতানা। এ ছাড়া উপস্থিত ছিলেন নূরজাহান খান, মাহবুব আলম, ফারজানা ইদ্রিস, মাফুজা খাতুন, পীযূষ দাসগুপ্ত প্রমুখ।
সাইকেল শোভাযাত্রাটি লালদীঘির পাড় থেকে শুরু হয়ে কোতোয়ালি মোড়, নিউমার্কেট, কাজীর দেউড়ি, জামালখান হয়ে আবার লালদীঘিতে এসে শেষ হয়।
এদিকে সকালে নগরের প্রেসক্লাব চত্বর থেকে নগরভবন পর্যন্ত শোভাযাত্রা করে সিটি করপোরেশন। এতে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। পরে করপোরেশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের নারী ও শিশুবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এম আশরাফুল আলম।
সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, জেসমিন পারভিন, আবিদা আজাদ, শৈবাল দাশ, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন।
সভায় মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারী-পুরুষের সমতা আনয়নে, নারীর শিক্ষা বিস্তারে ও নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
নগর মহিলা দলের আলোচনা সভা
চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেছেন, সমাজের প্রতিটি পেশায় নারীদের অংশগ্রহণ বাড়লেও তাঁদের জীবনের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে। নারীরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন। গতকাল বুধবার বিকেলে নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দলীয় কার্যালয় নাসিমন ভবনে চট্টগ্রাম নগর মহিলা দল এই আলোচনার আয়োজন করে। নগর মহিলা দলের সভানেত্রী ও ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদিকা ফাতেমা বাদশা, রাহেলা জামান প্রমুখ।