‘ভাইজান, নির্বাচন হইব?’
‘দশম, না একাদশ সংসদ নির্বাচন?’
‘আরে, ভোট ছাড়াই সাংসদ ১৫৪ জন। দরকার কী নির্বাচনের?’
‘হেরা (বিএনপি) অবরোধ দিয়া রাখছে কেন?’
রাজধানীর মহাখালীতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উল্টো দিকের গলিতে গতকাল সোমবার ১১টায় চায়ের দোকানে আড্ডা। বিক্রেতা আনিসের প্রশ্নে বিভিন্ন দিক থেকে আসছে চটপট উত্তর। আলোচনার বিষয় একাধিক—‘ভোট ছাড়াই ১৫৪ জন সাংসদ, আটক এরশাদের কী হবে, অবরোধে জীবন আর চলছে না।’ আলোচক আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চা খেতে আসা কর্মকর্তা-কর্মচারীরা। তাঁদের একজন হাবিবুর রহমানের প্রশ্ন, ‘এরশাদকে বাইর করবে কবে?’ বিভিন্ন ধরনের রসাল উত্তর শেষে অধিকাংশের মুখে একটাই প্রশ্ন—‘এসব কবে মিটবে?’
দুপুর সাড়ে ১২টায় গুলশান ডিসিসি মার্কেটের ব্যবসায়ী রকিব হোসেন জানান, অবরোধে গুলশান মোটামুটি সচল থাকে। তাই ব্যবসায় খুব লাভ না হলেও এখনো ক্ষতি হয়নি। কিন্তু মিরপুরের বাসা থেকে গুলশানে আসতে যত ভয়। কারণ, শাহবাগে বাসে পেট্রলবোমা হামলার পর বাসে উঠতে ভয় পান তিনি।
বেলা আড়াইটা। পুলিশের চার সদস্যকে ডাব কেটে দিচ্ছেন ধলপুরের বিক্রেতা শামছু মিয়া। সকাল থেকে তাঁর ব্যবসা ভালো। বেশির ভাগ ক্রেতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এমনকি ‘দুজন ‘আর্মি’ও ডাব কিন্না খাইছে’—আনন্দে জানান শামছু। রোববার ও সোমবার পুলিশ-র্যাব-সেনা পাহারায় যাত্রাবাড়ী এলাকায় কোনো নাশকতা হয়নি। ‘কিন্তু যদি ঘটে! জামায়াত রে তো বিশ্বাস নাই! কোন দিক থেইকা কী ছুইড়া দিবে।’ আলাপ শেষে প্রতিবেদকের কাছে তাঁর প্রশ্ন, ‘নির্বাচনও শেষ, অবরোধও শেষ, দেশ ঠান্ডা হইব কবে?’
সায়েদাবাদ টার্মিনালে কুলিগিরি করে সংসার চালান রফিক মুন্সী। দিনে গড়ে ৫০০ টাকা আয় করতেন। কিন্তু গত দেড় মাসে অবরোধ-হরতালে বাস বন্ধ, যাত্রী নাই, তাঁরও আয় নেই। এখন টার্মিনালে ছুটা ফুটফরমাশ খেটে দিনে ৪০-৫০ টাকা পান। তিন ছেলেমেয়ে নিয়ে পাঁচজনের পরিবার দুইবেলায় আধপেট খায়।
বেলা তিনটায় একজনের ফেলে দেওয়া বনরুটি কুড়িয়ে খেতে খেতে মুন্সী জানান, চারটা বাসের গা ধুইয়ে ৪০ টাকা পেয়েছেন। এ টাকা নিয়ে বাজার করে বাড়ি ফিরলে তবেই খাওয়া হবে। সাংবাদিক পরিচয় পেয়ে মুন্সীর প্রশ্ন, ‘টার্মিনাল থেকে বাস ছাড়বে কবে?’
বিকেল চারটায় কারওয়ান বাজারে হাতে এক গাদা কোট ও প্যান্ট বিক্রি করছেন খলিলুর রহমান। কেরানীগঞ্জের বিভিন্ন পোশাক কারখানা থেকে কম দামে পোশাক কিনে এনে রাজধানীতে ঘুরে ঘুরে বিক্রি করেন। সঞ্চয় যা ছিল, তা গত তিন মাসে শেষ। এখন সুদে ২৫ হাজার টাকা ধার করে কাপড় কিনেছেন।
‘ব্যবসা কেমন হচ্ছে? জানতে চাইলে খলিল বলেন, ‘হরতাল-অবরোধে কারও হাতে টেকা নাই, বিক্রিও মন্দা।’ দেশের অবস্থা কী বুঝছেন?’—যথেষ্ট বিরক্তি নিয়ে খলিলের জবাব, ‘সরকার তো একাই ভোট কইরা ফালাইছে। বিরোধী দলও অবরোধ দিয়া রাখছে। কাদেরের ফাঁসিও হইছে। আমাগো কাম কী? আমরা খাইটা খাই। হেইডার সুযোগ দিলেই হইব। নিজেগো খাওন নিজেরাই জোগাড় কইরা লমু।’
২৫ নভেম্বর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট দেশব্যাপী অবরোধ শুরু করে। পাঁচ দফায় গতকাল পর্যন্ত মোট ২১ দিন অবরোধ পালিত হয়েছে। অবরোধের আগে নভেম্বরের বিভিন্ন সময়ে ছিল বিএনপির হরতাল। এসব হরতাল-অবরোধে দেশব্যাপী চালানো হয় সহিংস নাশকতা। খোদ রাজধানীতে ঘটে যাওয়া নাশকতার প্রতিটি ঘটনায় নিহত ও আহত ব্যক্তির সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়ে গেছে।