'দেশ তো হাসিনা-খালেদার বাড়ির পাশের মাঠ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আওয়ামী লীগ আর বিএনপি, এই দুই দলের ফুটবল হইলাম আমরা। ব্যাস, দুই দলের হার-জিতের লড়াই। আর জনগণ দিয়ে বানানো এই ফুটবলের কাম শ্যাষ। দেশ তো হাসিনা-খালেদার নিজের বাড়ির পাশের মাঠ! কে কীভাবে দখলে রাখবে সেই চিন্তাই করছে।’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কী ভাবছেন প্রশ্ন তুলতেই এভাবে বিরক্তি প্রকাশ করলেন ক্ষুদ্র ব্যবসায়ী রাশেদুর রহমান। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে মুঠোফোন যন্ত্রাংশের ছোট দোকান প্রবীণ এই ব্যক্তির। তাঁর সঙ্গে সুর মেলান বৃষ্টির কারণে সেখানে দোকানের নিচে অপেক্ষারত রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের দুই কর্মকর্তা জাফর আহমেদ ও আসাদুজ্জামান।
আসাদুজ্জামান তাঁর স্ত্রী ও ছয় বছরের ছেলে আরমানকে ফরিদপুরের গ্রামের বাড়িতে রেখে এসেছেন। তাঁর আশঙ্কা, ২৫ অক্টোবর থেকে দেশের আইনশৃঙ্খলা একদমই ধসে পড়বে। দুই দলের লাঠালাঠিতে ফায়দা নেবে জামায়াত-শিবির।
গত মঙ্গলবার ব্যস্ত মতিঝিল পাড়ায় ছোট চায়ের দোকানগুলোতে ছিল বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ‘নির্বাচনকালীন সরকারের প্রস্তাব’ নিয়ে ব্যাপক আলোচনা। বিশেষ করে খালেদা জিয়ার ‘ক্ষমা ঘোষণা’ নিয়ে।
রাষ্টায়ত্ত আরেকটি ব্যাংকের কর্মকর্তা সাজ্জাদ হোসেন সিঙাড়া-চা খেতে খেতে বলেন, ‘খালেদা জিয়া জাতিকে কী দোষে ক্ষমা করতে চাচ্ছেন? রাজাকারদের বিচার চাওয়ার দোষে?’
সঙ্গে সঙ্গে এর উত্তর দিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শরিফুল কবীর। ‘আসলে হইছে কী—বিএনপির কয়েকজন বড় নেতাকে পুলিশ দিয়ে হয়রানি করালেও আওয়ামী লীগ এটা নিশ্চিত করেছে, যাতে বিএনপির বড় কোনো নেতার যেন দুর্নীতির দায়ে শাস্তি না হয়। তাই এখন খালেদা জিয়াও প্রতিদান হিসাবে আওয়ামী লীগের নেতাদের দুর্নীতির দায়ে সাজা না দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। জনগণ যাতে বুঝতে না পারে, তাই এই ক্ষমা-ক্ষমা খেলা।’
চা বানাতে বানাতে শরিফুলের কথায় সায় দিয়ে দোকানদার রাসেল বলেন, ‘সত্য কইছেন। এইডাই ঠিক। কিন্তু খালেদা কারে কারে লইয়া তত্ত্বাবধায়ক সরকার বানাতে চাইতাছে। হেইডাই তো বুঝলাম না। সবই তো মইরা ভূত।’
পুরো দোকানেই হাসির রোল। ‘ভূত দিয়ে তত্ত্বাবধায়ক সরকার হইলে সবচেয়ে ভালো। কিন্তু ভূতেরাও হাসিনা-খালেদারে শান্তি দিতে পারবে না।’ ফোড়ন কাটেন শাহীদুর নামে একজন।
ভরদুপুরে বৃষ্টির মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাসের কোনায় কফি খেতে খেতে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন। এখানেও খালেদা-হাসিনার প্রস্তাব নিয়ে জোর আলোচনা। আলোচনার একপর্যায়ে মনোবিজ্ঞান বিভাগের শিরীন আখতার তাঁর প্রস্তাব তুলে ধরেন। ‘এত কিছু না ভেবে, নির্বাচন কমিশনকে শক্তিশালী করে, দলীয় প্রার্থীকে ভোট না দিয়ে শুধু দলীয় প্রতীকে ভোট দিয়ে সংখ্যানুপাতিক হারে প্রার্থী নির্বাচনের ব্যবস্থা করলে একসঙ্গে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায়।’
শিরীনের তাৎক্ষণিক প্রস্তাবে সবাই একমত প্রকাশ করেন।
তাঁদের আলোচনা শুনতে শুনতে চায়ের দোকানদার মো. স্বপন ২৫ অক্টোবরের পরে কী হবে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। ভিড়ের মধ্যে থেকেই জবাব আসে, ‘ঘটনা যাই হোক, সবটাতেই মরব তুমি আর আমি। এইসব নিয়ে ভাইবা লাভ নাই। যে কয়দিন গ্যাঞ্জাম না লাগে সেই কয়দিন টাকা কামাইয়া (আয়) নাও।’
স্বপনের স্বগতোক্তি, ‘এইটা আমিও ভাবতাছি, কিন্তু বৃষ্টিটাও ধরা খাওয়ায় দিল।’