'দেশকে আফগানিস্তান, পাকিস্তান বানানোর ষড়যন্ত্র রুখতে হবে'
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশকে আফগানিস্তান, পাকিস্তানে পরিণত করার ষড়যন্ত্র করা হচ্ছে, যেখানে সচরাচর বোম ফাটবে, মানুষ মরবে। এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা হবে।
গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন অ্যামটব আয়োজিত এক অনুষ্ঠানে মেনন এ কথা বলেন।
জাতীয় জাদুঘর মিলনায়তনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মাননা প্রদান অনুষ্ঠানে মেনন বলেন, নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র চলছে। যখন সারা দেশের মানুষ নির্বাচন নিয়ে উৎসব করবে, তখন তাঁরা দেশের মানুষকে অবরুদ্ধ করার ব্যবস্থা করেছে। অবরোধ হয়েছে জনগণের বিরুদ্ধে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বর্তমানে দেশে গণতন্ত্র বনাম জঙ্গিবাদের মাঝামাঝি কোনো পক্ষ নেই। সুশীল সমাজের অনেকে মাঝপথ দিয়ে হাঁটার চেষ্টা করছেন। তাঁদের বলতে চাই, জঙ্গিবাদ দিয়ে গণতন্ত্র হয় না। সুতরাং গণতন্ত্রের বাগান থেকে জঙ্গিবাদের আগাছা পরিষ্কার করতে হবে।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, আজ বিএনপিকে ভর করতে হয় জামায়াতে ইসলামীর ওপর। তাঁদের কোনো মেরুদণ্ড নেই। খালেদা জিয়া বলেছেন, তিনি গোপালগঞ্জের নাম পাল্টে দেবেন। তিনি শুধু এটুকু করেই ক্ষান্ত হবেন না। তিনি বাংলাদেশের নাম পাল্টে বাংলাস্তান করে দেওয়ার পাঁয়তারা করছেন।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ডাক ও টেলিযোগাযোগসচিব আবু বকর সিদ্দিক, বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস, ভাইস
চেয়ারম্যান গিয়াস উদ্দিন, অ্যামটবের মহাসচিব নুরুল কবির, মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন, এম এ মাজেদ প্রমুখ।
অনুষ্ঠানে ৩২৩ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে সম্মাননা হিসেবে একটি করে স্মার্টফোন ও তৃতীয় প্রজন্মের (থ্রিজি) সিম তুলে দেওয়া হয়।