'দেশকে নতুন নতুন দুর্যোগের হুমকির সম্মুখীন হতে হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগ ঝুঁকিহ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন-বিষয়ক দুই দিনব্যাপী জাতীয় কর্মশালা ও জ্ঞান মেলা গতকাল মঙ্গলবার রাজধানীর খামারবাড়িতে শুরু হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু মোকাবিলায় অভিজ্ঞতাসম্পন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের আহরিত অভিজ্ঞতা, জ্ঞান ও তথ্য পরস্পরের মধ্যে আলোচনা এবং বিনিময়ের লক্ষ্যে এই কর্মশালা ও জ্ঞান মেলার আয়োজন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী এর উদ্বোধন করেন।
মেলায় দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু নিয়ে কাজ করে এমন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৩৬টি স্টল রয়েছে। আছে পোস্টার ও ছবি প্রদর্শনী। স্টলগুলো থেকে মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাব ও দুর্যোগ মোকাবিলা বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, দুর্যোগ ঝুঁকিহ্রাস কার্যক্রমে ব্যাপক সাফল্য থাকলেও দেশকে প্রতিনিয়ত নতুন নতুন দুর্যোগের হুমকি ও চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। দুর্যোগ ঝুঁকিহ্রাস কার্যক্রমকে আরও বিজ্ঞানভিত্তিক, সময়োপযোগী ও সব পর্যায়ের জন্য ব্যবহারোপযোগী করে তোলা বর্তমান সরকারের অন্যতম উদ্দেশ্য। তিনি বলেন, ভৌগোলিক ও ভূতাত্ত্বিক অবস্থানগত কারণে বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগের প্রকোপ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে এর ক্ষতির মাত্রা ও পরিধি।
অনুষ্ঠানে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির আবাসিক পরিচালক পলিন টামেসিস বলেন, গত ১০ বছরের অভিজ্ঞতায় দেখা যায়, বাংলাদেশ দুর্যোগ ঝুঁকি হ্রাসের দিকে এগিয়ে যাচ্ছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনার একটি উদাহরণ। তিনি বলেন, সুশীল সমাজ, সরকার ও উন্নয়ন অংশীদারদের সমন্বিত প্রচেষ্টায় দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের এই অগ্রগতি সম্ভব হয়েছে। বাংলাদেশের প্রায় ২২ মিলিয়ন শিশু দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে স্কুলেই শিক্ষালাভ করে। এর ফলে জলবায়ু পরিবর্তন মোকাবিলার মাধ্যমে দারিদ্র্য কমে যাওয়াসহ খাদ্যনিরাপত্তার দিকে বাংলাদেশ এগিয়ে যাবে।
ঢাকায় নরওয়ে দূতাবাসের উপরাষ্ট্রদূত হেনরিক উইডথ সিডর-পরবর্তী সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব শাহ কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ ও সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির প্রকল্প পরিচালক আবদুল কাইউম।
জ্ঞান মেলায় সরকারি প্রতিষ্ঠান ছাড়াও ইউএনডিপি, অ্যাকশনএইড, ওয়াটারএইড, বিল্ড প্রভৃতি সংস্থার স্টল রয়েছে। এতে গ্রামীণ ঝুঁকি হ্রাস কার্যক্রম, নগর ঝুঁকি হ্রাস কার্যক্রম, দুর্যোগ প্রস্তুতি ও সাড়া প্রদান, জলবায়ু পরিবর্তন অভিযোজন ব্যবস্থাপনা বিষয়ে প্রতিষ্ঠানগুলো পরস্পর অভিজ্ঞতা বিনিময়সহ কীভাবে দুর্যোগ মোকাবিলা করে, সে কার্যক্রমগুলো উপস্থাপন করে। তা ছাড়া এই প্রতিষ্ঠানগুলো কোথায় কী ধরনের কাজ করছে, সে বিষয়গুলোও তুলে ধরে। ই-লার্নিং ও ই-লাইব্রেরির মাধ্যমে কীভাবে দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা পাওয়া যায়, সে ব্যাপারে ধারণা দেওয়া হয়।