'দেশকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে বাংলাদেশকে নানাভাবে কলঙ্কিত এবং জঙ্গিবাদী মৌলবাদীদের দেশ হিসেবে পরিচিত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

আজ শুক্রবার রাতে খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান খান এ মন্তব্য করেন। নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেলুন উড়িয়ে সম্মেলনের দ্বিতীয় দিনের কর্মসূচির উদ্বোধন করেন খেলাঘরের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান পান্না কায়সার।
বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, ‘এখন আমাদের দুঃসময় যাচ্ছে। একটি নিষ্ফলা সময় চলছে। দেশকে একটি জঙ্গিবাদী মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচিতি করার চেষ্টা চলছে। তবে হতাশ হওয়ার ও দুঃখ পাওয়ার কিছু নেই। খেলাঘরের হাত ধরে নতুন প্রগতির যাত্রীরা উঠে আসছে।’ তিনি আরও বলেন, এ দেশ হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধদের শুধু নয়, নৃগোষ্ঠী যারা আছে, শুধু তাদের দেশই নয়—এই দেশ মানুষের দেশ।
পান্না কায়সার বলেন, ‘আমরা কাঙ্কিত লক্ষ্যে এখনো পৌঁছাতে পারিনি। এখনো হায়েনারা ওত পেতে আছে। মৈত্রীর বন্ধনে আবদ্ধ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বে আগামী প্রজন্ম। অসুর শক্তি, রাজাকারকে পরাজিত করবে আমাদের শিশু-কিশোরেরা।’
সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান এ কিউ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য প্রণয় সাহা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল ফারাহ ও সহসাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম, সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক রূপক চৌধুরী এবং কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য নছরু কামাল খান।
এর আগে বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে বিভিন্ন খেলাঘর আসর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
উল্লেখ্য, বৃহস্পতিবার নগরের কদমমোবারকস্থ খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির কার্যালয়ে বিকেলে দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়।
সম্মেলনে এ কিউ এম সিরাজুল ইসলামকে সভাপতি ও রূপক চৌধুরীকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগরী কমিটি ঘোষণা করা হয়।