বিশ্বে বাংলাদেশকে নানাভাবে কলঙ্কিত এবং জঙ্গিবাদী মৌলবাদীদের দেশ হিসেবে পরিচিত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
গতকাল শুক্রবার রাতে খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেলুন উড়িয়ে সম্মেলনের দ্বিতীয় দিনের কর্মসূচির উদ্বোধন করেন খেলাঘরের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার।
শামসুজ্জামান খান বলেন, ‘এখন আমাদের দুঃসময় যাচ্ছে। দেশকে একটি জঙ্গিবাদী মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করার চেষ্টা চলছে। তবে হতাশ হওয়ার, দুঃখ পাওয়ার কিছু নেই। খেলাঘরের হাত ধরে নতুন প্রগতির যাত্রীরা উঠে আসছে।’
পান্না কায়সার বলেন, ‘আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো পৌঁছাতে পারিনি। এখনো হায়েনারা ওত পেতে আছে। অসুর শক্তি, রাজাকারকে পরাজিত করবে আমাদের শিশু-কিশোরেরা।’
সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান এ কিউ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য প্রণয় সাহা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল ফারাহ ও সহসাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম।
সম্মেলনে এ কিউ এম সিরাজুল ইসলামকে সভাপতি ও রূপক চৌধুরীকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগরী কমিটি ঘোষণা করা হয়।