'দেশজ সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে'
‘দেশজ সংস্কৃতি সমৃদ্ধ। তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বর্তমান সরকার সেই লক্ষ্যে কাজ করছে। এর মাধ্যমে এই অগ্রযাত্রাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া যাবে।’ মুন্সিগঞ্জে উন্নয়ন মেলা আয়োজন উপলক্ষে মতবিনিময় সভায় গতকাল শনিবার দুপুরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম আকতারী মমতাজ এসব কথা বলেন।
মুন্সিগঞ্জের জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। অন্যদের মধ্যে অংশ নেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. আমিনুল ইসলাম, উপসচিব নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপরিচালক আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফজলে আজিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মোহা হারুন-অর-রশিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিস-উজ-জামান প্রমুখ।
সায়লা ফারজানা বলেন, আগামী সোমবার থেকে ১১ জানুয়ারি পর্যন্ত মুন্সিগঞ্জে উন্নয়ন মেলা হবে। এ উপলক্ষে নানা আয়োজনে রাঙানো হবে মুন্সিগঞ্জ শহর। সকাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। পরে বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম বিষয়ে প্রদর্শনী হবে।
সভা শেষে বেগম আকতারী মমতাজ মুন্সিগঞ্জে হরেন্দ্র লাল পাবলিক লাইব্রেরি ও মুন্সিগঞ্জ সরকারি গণগ্রন্থাগার পরিদর্শন এবং জেলা শিল্পকলা একাডেমির সম্মেলনকক্ষে জেলা সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।