'দেশটাকে পরিষ্কার করি দিবস' ৪ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সারা দেশে ডাস্টবিন চাই, পরিবর্তন করি, পরিবর্তন চাই’ স্লোগানে আগামী ৪ ফেব্রুয়ারি সারা দেশে পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা এবং এগুলোর ব্যবহার ও রক্ষণাবেক্ষণে মানুষকে সচেতন ও সম্পৃক্ত করতে তৃতীয়বারের মতো ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’ অনুষ্ঠিত হবে।

গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’-এর প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে সামাজিক সংগঠন পরিবর্তন চাই। এতে সংগঠনের চেয়ারম্যান ফিদা হক বলেন, পুরো দেশটাকে পরিষ্কার করতে আগামী ৪ ফেব্রুয়ারি দিবসটি পালন করবে সামাজিক সংগঠন ‘পরিবর্তন চাই’। দেড় লাখের বেশি তরুণ স্বেচ্ছাসেবী ও বিভিন্ন সংগঠন ওই দিন ঢাকাসহ দেশের সব জেলা শহর পরিষ্কার করবে।

সংবাদ সম্মেলনে স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘ঢাকা শহরে ডাস্টবিন দেওয়ার আগে এর সঙ্গে জনমানুষকেও সচেতন করা দরকার ছিল। ওয়ার্ড কাউন্সিলর বা এলাকার মানুষ জানত না কোথায় ডাস্টবিনগুলো বসানো হবে। এ কারণে তারা এর ব্যবহারে সচেতন ছিল না। যথাযথ ও সমন্বিত পরিকল্পনার অভাবে ভালো প্রকল্পও ব্যর্থ হয়।’

সংবাদ সম্মেলনে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মঞ্জুরুল হান্নান খান বলেন, ‘পরিবেশ অপরিচ্ছন্ন করা আমাদের সামাজিক ব্যাধি। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ব্যক্তিগতভাবে নাগরিক দায়িত্ব পালন করতে হবে।’

 সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির অধ্যাপক আবদুল জলিল, ফিন্যান্সিয়াল ইনস্টিটিউট আইপিডিসির মাহজাবিন ফেরদৌস, মাহবুবুল আলম প্রমুখ।