'দেশটাকে পরিষ্কার করি' দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’ পালন করা হয়েছে। এসব কর্মসূচিতে নিজ আবাসস্থলসহ আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
শহর পরিচ্ছন্ন রাখতে নিজ হাতে ঝাড়ু নিয়ে নেমে পড়েন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। বেলা ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করে পরিবর্তন চাই নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কর্মসূচিতে অংশ নেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সংগঠনের সমন্বয়কারী আসাদুজ্জামান, বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মুজিবুদৌলা, বাংলাদেশ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সমিতির (টিএফপিএ) রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক সাদেক আনোয়ার, সাংবাদিক নুর আলম প্রমুখ।
নীলফামারীর সৈয়দপুরে পরিবর্তন চাই নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন শোভাযাত্রা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সমাবেশ করে। কর্মসূচি থেকে যিনি যেখানে থাকুন, সেখানকার আশপাশের উন্মুক্ত নাগরিক স্থানগুলো বিশেষ করে রাস্তা, মাঠ, পার্ক, বন, জলাশয় ইত্যাদি নিজ হাতে পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জে দিবসটি পালন করেছে বেসরকারি সংগঠন পরিবর্তন চাই। বেলা ১১টায় শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের পৌর মেয়র নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এরশাদ হোসেন, নাগরিক কমিটির সদস্যসচিব মনিরুজ্জামান, পরিবর্তন চাই-এর জেলা সমন্বয়কারী তৌহিদা খাতুন, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান প্রমুখ। আলোচনা শেষে অংশগ্রহণকারীরা ঝাড়ু হাতে দুই ঘণ্টার প্রতীকী সড়ক পরিচ্ছন্নতায় যোগ দেন। পরে পৌরসভা প্রাঙ্গণে অংশগ্রহণকারী রেড ক্রিসেন্টের ১০০ জন সদস্য, স্কাউট সদস্য, উন্নয়নকর্মী, স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের মাঝে সনদ দেওয়া হয়।
রাজশাহীতে আলুপট্টি মোড় থেকে পদ্মা গার্ডেন পর্যন্ত সড়ক পরিষ্কারে অংশ নেন ছয় শতাধিক স্বেচ্ছাসেবী। অভিযানটি উদ্বোধন করেন পরিবর্তন চাই-এর সহসভাপতি ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক আতিকুর রহমান। অভিযান শেষে পদ্মা গার্ডেনের উন্মুক্ত মঞ্চে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. সালাউদ্দিন। এতে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন, সংগঠনটির রাজশাহী জেলা সমন্বয়ক সাইফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব প্রমুখ।