'দেশপ্রেমিক নাগরিক হিসেবে সন্তানদের গড়ে তুলুন'
নিজের সন্তানকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে মুক্তিযোদ্ধাদের প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। ভারত সরকারের দেওয়া চট্টগ্রাম বিভাগের মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ অনুরোধ জানান। গতকাল শনিবার নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় সহকারী হাইকমিশন, চট্টগ্রাম।
সিটি মেয়র বলেন, মুক্তিযোদ্ধার সন্তান ও পোষ্যদের অনেকে স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী মনোভাব নিয়ে বড় হচ্ছে। এটা মুক্তিযোদ্ধাদের জন্য লজ্জার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার বলেন, বাংলাদেশ আর ভারতের বন্ধুত্ব রক্তের অক্ষরে লেখা আছে। দুই দেশের এই সম্পর্ক কখনো মুছে যাওয়ার নয়।
শুভেচ্ছা বক্তব্যে বেগম মুশতারী শফী মহান স্বাধীনতাযুদ্ধে ভারতের অবদানের কথা তুলে ধরে বলেন, ভারত সরকার মুক্তিযোদ্ধাদের মনে রেখেছে, তাঁদের সন্তানদের জন্য বৃত্তি দিচ্ছে, সেটা বড় পাওনা।