'দেশপ্রেমে উদ্বুদ্ধ হোন, দুর্নীতিকে বিদায় দিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতিকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে সবার সহযোগিতা চেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান। দেশপ্রেমের শপথ নিয়ে দেশকে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে মো. বদিউজ্জামান এ আহ্বান জানান।
‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’‍—এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনটি উদ্যাপন করছে দুদক। এ উপলক্ষে সকালে সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কাকরাইল মোড়, বিজয়নগর, তোপখানা রোড হয়ে প্রেসক্লাবের সামনে যায়। সেখানে সংক্ষিপ্ত মানববন্ধন কর্মসূচি পালনের পর মৎস্য ভবন হয়ে দুদকের প্রধান কার্যালয়ে এসে শেষ হয়।
সরকারদলীয়দের বিরুদ্ধে দুর্নীতির তথ্য পায় না দুদক

মানববন্ধনে দুদক চেয়ারম্যান আরও বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্য সামনে রেখে আমরা কাজ করছি। আমরা চাই এ কাজে সাধারণ জনগণ, সুশীল সমাজ সবাই আমাদের সঙ্গে থাকুক। আমরা এভাবেই নিশ্চিত লক্ষ্যে পৌঁছাতে চাই।
বদিউজ্জামান বলেন, আমরা প্রতিরোধের কাজে এখন বেশি জোর দিচ্ছি। সারা দেশে আমরা সাধারণ জনগণের কাছে যাচ্ছি। জনগণের কাঙ্ক্ষিত সরকারি সেবা নিশ্চিত করতে গণশুনানির মতো কার্যক্রম শুরু করেছি।
র‍্যালিতে দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন, কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দীন আহমেদসহ কমিশনের কর্মকর্তা-কর্মচারী, দুদকের প্যানেল আইনজীবী, দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক) এর সদস্যরাসহ সর্বস্তরের সাধারণ মানুষ যোগ দেন।
২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতিসংঘের দুর্নীতি বিরোধী সনদে স্বাক্ষরের করার পর থেকে প্রতিবছর ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন করে আসছে কমিশন।