'দেশবিরোধী নানা অসম চুক্তির মহড়া চলছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার গভীর চক্রান্ত চলছে। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ বিপন্ন। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা দেশকে পিছিয়ে দিতে চায়। দেশবিরোধী নানা অসম চুক্তির মহড়া চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করে মাতৃভূমির স্বাধীনতা সুরক্ষা এবং গণতন্ত্রের পতাকা সমুন্নত রাখতে হবে।
স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন। গতকাল রোববার দুপুরে নগরের কাজীর দেউড়ি মোড়ে এই সমাবেশ হয়। চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, চট্টগ্রাম নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম প্রমুখ।
সমাবেশে নোমান বলেন, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ হয়েছে। কিন্তু গণতন্ত্র এখন নির্বাসিত। গণতন্ত্রের জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে।
বর্তমান সরকার স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করছে বলে সমাবেশে অভিযোগ করেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। তিনি বলেন, এ জন্য একাত্তরে মুক্তিযুদ্ধ হয়নি।
একাত্তরের ইতিহাস টেনে শাহাদাত হোসেন বলেন, সাধারণ মানুষের অসাধারণ আত্মত্যাগ আর শৌর্যবীর্যের এক অনুপম গৌরবগাথা মুক্তিযুদ্ধ।
নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেন, শোষণ, বঞ্চনাহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। কিন্তু বারবার স্বৈরাচারী শক্তি মানুষের সে প্রত্যাশা পূরণ হতে দেয়নি।