'দেশে এসে নিরাপদে বাড়িও ফিরতে পারছি না'
সিলেট থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রপ্রবাসী দুই নারী। হঠাৎ তাঁদের গাড়িতে এলোপাতাড়ি কয়েকটি ঢিল এসে পড়ে। গাড়ির জানালার কাচ ভেঙে তাঁরা আহত হন। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধের পঞ্চম দিনে গতকাল শনিবার রাতে মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের নবীন চন্দ্র উচ্চবিদ্যালয় চৌমোহনা মোড়ে এ ঘটনা ঘটে।
যুক্তরাজ্যপ্রবাসী নাসিমা রহমান ক্ষোভ প্রকাশ করে জানান, ‘দেশে এসে নিরাপদে বাড়িও ফিরতে পারছি না। আমার সন্তানেরা প্রচণ্ড ভয় পেয়েছে। এর চেয়ে কষ্টের-দুঃখের আর কী হতে পারে! ’ নাসিমা রহমান তাঁর বড় বোনের মেয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী তাসমিন বেগমকে (২৬) নিয়ে ফিরছিলেন। অবরোধকারীদের ছোড়া ঢিলে তাঁদের দুজনের মাথা ও হাতের বেশ কয়েকটি জায়গায় আঘাত লাগে। আহত হন মাইক্রোবাসের চালক বাহার উদ্দিন (২৫)। তাঁরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত যাত্রীদের ভাষ্য, নাসিমা ও তাঁর বড় বোন যুক্তরাষ্ট্রপ্রবাসী নাজমা বেগম সপরিবারে বিদেশ থেকে ফ্লাইটে গতকাল সকালের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে যান। সিলেট থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। ওই এলাকায় পৌঁছালে অবরোধকারীদের ছোড়া ঢিলে তাঁরা আহত হন।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) রাজীব চন্দ্র দে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অবরোধকারীরা এ ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। ’