'দেশে কোনো আইএস নেই'
দেশে কোনো আইএস নেই। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা এ কথা বলেন।
পুলিশ সুপার বলেন, ‘আমাদের দেশে আইএস আছে বলাটা আন্তর্জাতিক রাজনীতির অংশ। আসলে আমাদের দেশে কোনো আইএস নেই। এখানে মধ্যপ্রাচ্যের আইএস আসেনি।’
চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে হঠাৎ করে জঙ্গি তৎপরতা বেড়ে গেছে উল্লেখ করে জেলা পুলিশ সুপার আরও বলেন, অভিযান চালিয়ে অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামে বিভিন্ন উন্নয়নকাজে বিদেশিরা কাজ করছে। তারা যাতে এই দেশে আসতে ভয় পায়, কাজ না করে চলে যায়, সে জন্য ভয় দেখাতে জঙ্গিরা সক্রিয় হয়ে উঠতে পারে।