'দেশে কোনো আইএস নেই'
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবারও বলেছেন, দেশে আইএস-এর কোনো সাংগঠনিক কাঠামো নেই। কিছু উগ্রবাদী জঙ্গি থাকলেও তাদের কার্যক্রম নিয়ন্ত্রণে রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আজ রোববার বিকেলে রাজধানীর শ্যামপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আলেম-ওলামাদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে দেশি-বিদেশি চক্রান্ত হচ্ছে। এখন জোর করে বলা হচ্ছে, বাংলাদেশে নাকি আইএস আছে।’
তালেবান-জঙ্গিবাদ কারা তৈরি করেছে সেটা সবাই জানে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নয়। অসাম্প্রদায়িক এ দেশে জঙ্গিবাদের ধুয়া তুলে দেশকে কেউ পিছিয়ে দিতে পারবে না। ইসলামের অপব্যাখ্যা করে যারা ইসলামকে বিতর্কিত করার চেষ্টা করছে তাদের স্বরূপ সবার সামনে তুলে ধরতে আলেমদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক সময়ে যেসব জঙ্গি ধরা পড়ছে তাদের অধিকাংশই মাদ্রাসা শিক্ষায় নয়, অন্য শিক্ষায় শিক্ষিত।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘সরকার আলেম-ওলামাদের অবিশ্বাস করে না। আলেম-ওলামাদের ওপর খবরদারি বা নজরদারি করে না। আমরা আপনাদের সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই।’
ডিএমপি কমিশনার আরও বলেন, আন্দোলনের নামে যারা নারী-শিশুদের হত্যা করে, যারা নামাজরত মুসল্লিদের হত্যা করে, তারা মুসলমান নয়।
এ সময় মওদুদীবাদী, ওয়াহাবিবাদী ও যুদ্ধাপারাধীদের কঠোর হাতে দমন করার ঘোষণাও দেন তিনি।
ঢাকা-৪ আসনের সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে এ মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, সংরক্ষিত নারী আসনের সাংসদ সানজিদা খানম, মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন, ডিএমপির ওয়ারী জোনের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর আগে রাজধানীতে এ ধরনের আরও চারটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। রাজধানীতে পর্যায়ক্রমে সব এলাকার পর সারা দেশে এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।