'দেশে কোনো ভিক্ষুক নেই'
দেশে কোনো ভিক্ষুক নেই বলে এবারের বাজেটে ভিক্ষুক পুনর্বাসনের জন্য কোনো বরাদ্দ রাখতে হয়নি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত বৃহস্পতিবার রাতে সিলেট নগরের রেজিস্টারি মাঠে স্বেচ্ছাসেবক লীগের জেলা ও নগর কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন ‘দেশে এখন আর কোনো ভিক্ষুক নেই। যারা ভিক্ষুক ছিল, তাদের পুনর্বাসন করা হয়েছে। আমি অর্থমন্ত্রী হওয়ার পর গত ছয়টি বাজেটে ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য বরাদ্দ রাখতাম। কিন্তু এবারের বাজেটে কোনো বরাদ্দ রাখিনি। কারণ, দেশে কোনো ভিক্ষুক নেই।’
তবে শহরে কিছু ভিক্ষুক আছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘তারপরও আপনারা শহরের রাস্তাঘাটে কিছু ভিক্ষুক দেখতে পাবেন। এরা চরিত্রগতভাবে ভিক্ষুক। এদের রাজবাড়ি বানিয়ে দিলেও ভিক্ষাবৃত্তি ছাড়বে না। তাদের পেশাই হলো ভিক্ষাবৃত্তি।’
স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হলেও জেলা ও নগর কমিটি হয়নি। পরবর্তী সময়ে নতুন কমিটির ঘোষণা দেওয়া হবে।
সম্মেলন উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মো. আবু কাওসার। প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংসদ পংকজ দেবনাথ।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুব্রত পুরকায়স্থের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম ও মিসবাহউদ্দিন সিরাজ, সাংসদ ইমরান আহমদ, সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ বক্তব্য দেন।