বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন বলেছেন, একটি ঘটনা আড়াল করতে সরকার আরেকটি ঘটনাকে মঞ্চস্থ করছে। তাঁর অভিযোগ, দেশে এখন আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, মানুষের বাক্স্বাধীনতা নেই, নেই ভোটাধিকার ও মানবাধিকার। তাঁর দাবি, কেবল গুপ্তহত্যা, খুন, ধর্ষণ আর দুর্নীতি ও দুঃশাসন রয়েছে।
গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে ছাত্রদল আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব দাবি ও অভিযোগ করেন শাহাদাত হোসেন। তিনি চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হওয়ায় ছাত্রদল তাঁকে সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে।
নগর ছাত্রদলের সভাপতি গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা মুহাম্মদ আলী, নিয়াজ মোহাম্মদ খান, সাবেক ছাত্রনেতা আর ইউ চৌধুরী শাহীন প্রমুখ বক্তৃতা করেন।