'দেশে থাকলে ছেলেকে হারাতে হতো না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির গাছগাছালি, গবাদিপশু ও জমি বিক্রি এবং ধারদেনা করে চার লাখ টাকা খরচ করে মিলন হোসেনকে (৩২) পাঠানো হয়েছিল লিবিয়ায়। স্বপ্ন ছিল, ধারদেনা পরিশোধ করে নতুন করে কেনা হবে জমি। অভাবের সংসারে আর্থিক সচ্ছলতা ফিরে আসবে। কিন্তু তাঁর মৃত্যুতে সেই স্বপ্ন আর পূরণ হলো না। সন্তানকে হারিয়ে দিশেহারা মিলনের মা-বাবা।
গত মঙ্গলবার বিকেলে লিবিয়ার রাজধানী ত্রিপোলির সাররাজ এলাকার একটি পানি বিশুদ্ধকরণ কোম্পানিতে হামলায় মারা যান মিলন। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারতলা গ্রামের মৃত সদর আলীর ছেলে। মিলনের সৎবাবা উপজেলার গাবলা-মাথাভাঙ্গা গ্রামের ফজলুল হক জানান, মিলনের বয়স যখন সাত-আট মাস, তখন তাঁর বাবা সদর আলী মারা যান। এর পর থেকে তিনিই মিলন ও তাঁর বোনকে লালন পালন করেছেন।
ফজলুল হক জানান, আর্থিক সমস্যার কারণে ছেলেকে বেশি লেখাপড়া করাতে পারেননি। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ার পরই তিনি কৃষিকাজে যোগ দেন। গত পাঁচ বছর আগে তাঁর বিয়ে হয়। সংসারে তিন বছরের একটি মেয়ে রয়েছে। পরিবারের আর্থিক দুর্দশা লাঘবে দেড় বছর আগে মিলন লিবিয়ায় পাড়ি জমান। এখনো তাঁদের লক্ষাধিক টাকা দেনা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার মিলনদের বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলেকে হারিয়ে শোকাতুর তাঁর বাবা। তিনি বলেন, ‘দেশে থাকলে এমনটি হতো না, ছেলেকে হারাতে হতো না।’ একদিকে ছেলে হারানোর শোক, অন্যদিকে দেনা পরিশোধের চিন্তায় দিশেহারা ফজলুল হক। মিলনের মা রোকেয়া খাতুন ছেলের ছবি বুকে নিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন। চিৎকার করে বলছিলেন, ‘ছেলেকে কেন বিদেশে পাঠালাম। এখন কেন লাশ দেখতে হবে।’
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, মিলনের লাশ ফেরত আনার বিষয়ে উচ্চপর্যায়ে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।