‘দেশে বর্তমানে দুধ, ডিম ও মাংসের ঘাটতি ৭০ শতাংশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বর্তমানে দুধ, ডিম ও মাংসের ঘাটতি ৭০ শতাংশ। প্রাণিজ আমিষের ঘাটতি মেটাতে প্রয়োজন অধিক পরিমাণে দুধ, ডিম ও মাংস উৎপাদন; যা আসে প্রাণীসম্পদ থেকে। প্রাণীসম্পদে আদর্শ গ্রাম কাঙ্ক্ষিত পুষ্টি নিরাপত্তা অর্জনে রোল মডেল হিসেবে কাজ করবে। গতকাল শুক্রবার বিকেলে ‘উজানকাশিয়ার চর আদর্শ প্রাণীসম্পদ সমিতি’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল হক এ কথা জানান।বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের আওতায় পরিচালিত হেকেপ প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পাশের উজানকাশিয়ার চর গ্রামকে প্রাণীসম্পদে আদর্শ গ্রাম তৈরির এ উদ্যোগ নেওয়া হয়। এ উপলক্ষে গঠিত সমিতির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেকেপ প্রকল্পের উপব্যবস্থাপক জসিমউদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন পশুপালন অনুষদের ভারপ্রাপ্ত ডিন এস ডি চৌধুরী ও ভাংনামারী ইউপি সদস্য আবদুল আজিজ। আরও বক্তব্য দেন ছাত্রবিষয়ক উপদেষ্টা সুলতান উদ্দিন ভূঞা, পশুপালন অনুষদের শিক্ষক এম এ সামাদ খান, সমিতির সভাপতি আবদুল হেলিম প্রমুখ। হেকেপ প্রকল্পের প্রাণীসম্পদ কর্মকর্তা শাহীন আলম অনুষ্ঠান পরিচালনা করেন।