'দেশে বাল্যবিবাহের হার ১০ শতাংশের নিচে নেমে আসবে'
বাল্যবিবাহ হ্রাসের ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগ প্রশংসনীয়। ইতিমধ্যে এ ব্যাপারে মন্ত্রিসভায় একটি খসড়া আইন অনুমোদন হয়েছে। এখন এ দেশে বাল্যবিবাহের হার ৬৬ শতাংশ। আমার বিশ্বাস পাঁচ বছর পর এ হার ১০ শতাংশের নিচে নেমে আসবে। এরপর খুব দ্রুত শূন্যে নেমে আসবে এ হার। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বাংলাদেশ প্রতিনিধি আর্জেন্টিনা মাতাভেল পিচ্চিন আজ মঙ্গলবার প্রথম আলোর সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আর্জেন্টিনা বলেন, ‘নতুন পেশা হিসেবে মিডওয়াইফারিকে সফল করতে বাংলাদেশ সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, তা অনন্য। ৬০০ সনদপ্রাপ্ত মিডওয়াইফকে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ দেওয়া হয়েছে। জানুয়ারি মাসে দেশে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে আরও ৯০০ মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। মিডওয়াইফ নিয়োগ দেওয়ায় দেশে মাতৃ ও শিশুমৃত্যুর হার অনেক কমে আসবে বলে আমি আশা করছি।’
আর্জেন্টিনা আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মিডওয়াইফদের অংশগ্রহণ অপরিহার্য। বাংলাদেশে বর্তমানে মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ১৭০। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা হচ্ছে মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ৭০ জনে নামিয়ে আনা। পেশাদার মিডওয়াইফদের আরও বেশি সংখ্যায় নিয়োগ দেওয়া হলে মাতৃ ও শিশুমৃত্যুর হার দুই-তৃতীয়াংশ কমিয়ে আনা সম্ভব হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সহযোগী সম্পাদক আবদুল কাইয়ুম, সহযোগী সম্পাদক আনিসুল হক, অন্যান্য সিনিয়র সাংবাদিক এবং ইউএনএফপিএর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসমা আক্তার প্রমুখ।