'দেশে মাইনিং প্রকৌশলীর সংকট রয়েছে'
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশের গ্যাস, খনিজ ও বিদ্যুৎ খাতের জন্য মাইনিং প্রকৌশলীর সংকট রয়েছে। এ বিষয়ে উচ্চতর শিক্ষা নিয়ে দক্ষ হতে পারলে সেই সংকট দূর হবে। তারা দেশের সম্পদে পরিণত হবেন। একদিকে তাদের কর্মক্ষেত্রের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে দেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতের উন্নয়ন হবে।
আজ শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইন ইঞ্জিনিয়ারিং বিভাগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উন্নয়নে পেট্রোলিয়াম ও মাইনিং প্রকৌশলীদের ভবিষ্যৎ করণীয়—শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার বলেন, ‘আমাদের প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তিকে কাজে লাগাতে পারলে অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাবে।’
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম বলেন, গ্যাসের সংকট মোকাবিলায় গভীর সমুদ্র থেকে গ্যাস উত্তোলন ও দেশীয় কয়লা বিদ্যুৎ খাতে কাজে লাগাতে হবে। অন্যথায় জাতীয় অর্থনীতি হুমকির মুখে পড়বে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনার্জি টেকনোলজি বিভাগের চেয়ারম্যান এ এন এম মিজানুর রহমান, সাসটেইনেবল অ্যান্ড রিনিউবেল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির (সেডা) অতিরিক্ত সচিব মো. আনয়ারুল ইসলাম শিকদার, জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশের মহাপরিচালক নিহাল উদ্দিন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন বিপ্লব কুমার বিশ্বাস, পরীক্ষা নিয়ন্ত্রক আবদুর রশীদ প্রমুখ।