'দেশে মুঠোফোন ও তথ্যপ্রযুক্তিভিত্তিক স্বাস্থ্যসেবার চাহিদা আছে'
আট মাসের অভিজ্ঞতায় টেলিনর হেলথ দেখেছে, দেশের মানুষের মধ্যে প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার চাহিদা আছে। এই সময়ে প্রায় ২০ লাখ মুঠোফোন ব্যবহারকারী টেলিনর হেলথের ‘টনিক’ নামের স্বাস্থ্যসেবা নিতে নিবন্ধন করেছে। তাদের মধ্যে এক লাখ ব্যবহারকারী মুঠোফোনের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিয়েছে।
গতকাল বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে টেলিনর হেলথের কর্মকর্তারা এই তথ্য দিয়েছেন। তাঁরা বলেন, অসংক্রামক রোগের বোঝা কমাতে মুঠোফোন ও তথ্যপ্রযুক্তি বড় ভূমিকা রাখবে।
মতবিনিময় সভার শুরুতে টেলিনর হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিদ রহমান বলেন, ২০১৬ সালের জুনে ‘টনিক’ সেবা চালু হয়। এখন প্রায় ২০০ হাসপাতাল, ক্লিনিক ও ফার্মেসি এই সেবার অংশীদার। বিমা কোম্পানি ও সরকারের স্বাস্থ্য অধিদপ্তরও এর সঙ্গে সম্পৃক্ত। সেবা দেওয়া হয় মূলত মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের মাধ্যমে।
প্রতিষ্ঠানের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ম্যাথিউ গিলফোর্ড বলেন, সেবা চালু হওয়ার পর থেকে প্রায় ২০ লাখ মুঠোফোন ব্যবহারকারী টনিকে নিবন্ধন করেছে। প্রধান মেডিকেল কর্মকর্তা ফ্রেড হার্স বলেন, টেলিফোনে মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবাই বেশি চায়।