‘দেশে সংসদীয় স্বৈরতান্ত্রিক শাসন চলছে’
বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশে এখন গণতন্ত্র নেই। সংসদীয় একনায়ক স্বৈরতান্ত্রিক শাসন চলছে। তিনি বলেন, জনগণ এখন দ্বিদলীয় শাসনব্যবস্থার জাঁতাকলে পিষ্ট।বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের জাতীয় পার্টিতে (জাপা) যোগদান উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা শহরের মিশন মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, সংসদীয় গণতন্ত্রে সংসদ অকার্যকর হলে তাকে কী বলা যায়? সংসদকে অকার্যকরকারী সরকারগুলো তাই ক্ষমতা হস্তান্তর করতে গিয়ে নানা প্রতিকূলতার আশঙ্কায় থাকে। কেউ যেকোনোভাবে ক্ষমতায় যেতে চায়। কেউ নানাভাবে ক্ষমতা আঁকড়ে থাকতে চায়। এ কারণে সরকারগুলো জনগণের জানমালের নিরাপত্তার চেয়ে নিজেদের নিরাপত্তা নিয়েই ব্যস্ত থাকে। ক্ষমতায় থাকার নানা রকম ফন্দিফিকির করে। অনুষ্ঠানে জেলা যুবদলের সাবেক সভাপতি লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম মাহবুবুল আলমের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বেশ কিছু নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন। এ সময় জাপা প্রেসিডিয়াম সদস্য ও লালমনিরহাট-২ আসনের সাংসদ মো. মজিবর রহমান, সদর উপজেলা জাপা সভাপতি আকবর ইমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাপার আহ্বায়ক মাহাবুবার রহমান।