'দেশে সাড়ে ৪ কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে সাড়ে ৪ কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। প্রথম আন্তর্জাতিক ‘ন্যাশ’ (যকৃতে প্রদাহ) দিবস উপলক্ষে হেপাটোলজি সোসাইটি আয়োজিত ‘বাংলাদেশে ফ্যাটি লিভারের প্রাদুর্ভাব ও কারণ’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানান বক্তারা। ছবি: সংগৃহীত
বাংলাদেশে সাড়ে ৪ কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। প্রথম আন্তর্জাতিক ‘ন্যাশ’ (যকৃতে প্রদাহ) দিবস উপলক্ষে হেপাটোলজি সোসাইটি আয়োজিত ‘বাংলাদেশে ফ্যাটি লিভারের প্রাদুর্ভাব ও কারণ’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানান বক্তারা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে সাড়ে ৪ কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। প্রথম আন্তর্জাতিক ‘ন্যাশ’ (যকৃতে প্রদাহ) দিবস উপলক্ষে হেপাটোলজি সোসাইটি আয়োজিত ‘বাংলাদেশে ফ্যাটি লিভারের প্রাদুর্ভাব ও কারণ’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহিনুল আলমের নেতৃত্বে পরিচালিত গবেষণায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম হাসপাতাল ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইউনিভার্সিটির গবেষকরা অংশ নেন। এ গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি বিখ্যাত জন উইলি প্রকাশনীর জার্নাল অব গ্যাস্ট্রো এন্টারোলজি অ্যান্ড হেপাটোলজিতে ছাপা হয়েছে।

সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন হেপাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক মবিন খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বঙ্গবন্ধু মেডিকেলের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নুরুদ্দীন আহমেদ, ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোহাম্মদ আলী, স্কয়ার হাসপাতালের কনসালট্যান্ট মোতাহার হোসেন ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক শেখ বাহার হোসেন। গবেষণা দলের পক্ষে বক্তব্য রাখেন চিকিৎসক মো. শাহিনুল আলম, গোলাম আজম ও মো. গোলাম মোস্তফা।

সিরোসিস ও লিভার ক্যানসারের অন্যতম প্রধান কারণ হচ্ছে লিভারে চর্বি জমাজনিত প্রদাহ। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে বলে স্টিয়াটো হেপাটাইটিস। অতিরিক্ত চর্বি জমা হওয়ার কারণে লিভার বা যকৃতে যে প্রদাহ সৃষ্টি হয় তাকেই স্টিয়াটো হেপাটাইটিস বলে। এই রোগের আগের স্তরের নাম হচ্ছে ফ্যাটি লিভার বা লিভারে চর্বি রোগ। লিভার বা যকৃতে প্রদাহ সৃষ্টি করা ছাড়াও লিভারের চর্বি রোগের আরও বেশ কিছু খারাপ দিক রয়েছে। এ রোগটি হৃদ্‌রোগ, ডায়াবেটিস ও শরীরে ইনসুলিন হরমোনের কার্যকারিতা কমে যাওয়ার সঙ্গে সরাসরি সম্পর্কিত। গবেষকরা বলেন, বাংলাদেশে আশংকাজনকহারে এ রোগের প্রাদুর্ভাব বাড়ছে।

গবেষক দলটি সারা দেশে লিভারে চর্বি রোগের প্রাদুর্ভাব নির্ণয় করতে ঢাকা ও চারটি বড় বিভাগের চার জেলা শহর ও চারটি উপজেলা শহরে এই গবেষণা চালানো হয়। ২০১৫ সালের ডিসেম্বর থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত ২৭৮২ জন সুস্থ ও কর্মক্ষম ব্যক্তির ওপর গবেষণা চালানো হয়। এর মধ্যে ১৮ থেকে ৮৫ বছর বয়সী ১৬৯৪ জন পুরুষ ও ১০৮৮ জন নারী ছিলেন।

গবেষণায় প্রাপ্ত তথ্যমতে, বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার ৩৩.৮৬ শতাংশ যকৃতে চর্বি রোগে আক্রান্ত। গ্রামের স্থূলকায় নারীরা সর্বোচ্চ ঝুঁকিতে (৭৩.২১%) আছেন। ডায়াবেটিস আক্রান্তদের (৭১%) ও উচ্চ রক্তচাপ আক্রান্তদের মধ্যে (৬৩%) লিভারে চর্বি রোগের প্রাদুর্ভাব দেখা গেছে। ওজন বেশি হলে লিভারে চর্বি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। স্থূলদের ৬৪ শতাংশই এ রোগের শিকার। বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লিভারে চর্বি রোগের ঝুঁকি বাড়ে। প্রাপ্ত তথ্য মতে, ৪৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে রোগের প্রাদুর্ভাব (৫৫%) সবচেয়ে বেশি।

সেমিনারে বক্তারা বলেছেন, কম আয়ের মানুষের তুলনায় উচ্চ আয়ের মানুষের আক্রান্ত হওয়ার হার প্রায় দেড় গুণ বেশি। মূলত খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার ধরনে পরিবর্তনের কারণে দিন দিন ফ্যাটি লিভার রোগের প্রকোপ বাড়ছে। বক্তারা আরও বলেন, এসব তথ্য বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশগুলোতে পরিচালিত পূর্ববর্তী গবেষণা কার্যক্রমগুলোর সঙ্গে সংগতিপূর্ণ। তবে জনসচেতনতা সৃষ্টি করে জীবনযাত্রার ধরন পরিবর্তনের মাধ্যমে ফ্যাটি লিভার রোগ প্রতিরোধ করা সম্ভব।