‘দেশের অবস্থা মনে অর বেশি ভালা যার না। জিনিসপত্রের দাম যে লাখান বাড়ের, প্রতিদিন একটা কইরা মানুষ খুন অর, ঘর থেইক্যা গুম অই যার মানুষ। ইতা লক্ষণ বেশি ভালা নায়।’ কথাগুলো বলছিলেন নগরের ভাতালিয়া এলাকার বাসিন্দা সুয়াইবুর রহমান। তাঁর কথার সূত্র ধরে পাশে থাকা ব্যবসায়ী শাহীন আহমদ দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিত নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, এটা জনগণও চায়। কিন্তু সরকার এটা নিয়ে রাজনীতি করছে। এ ছাড়া, হলমার্ক কেলেঙ্কারিতে যাঁদের নাম এসেছে, তাঁদের শিগগিরই বিচারের আওতায় আনা হোক।’ গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেট নগরের বিভিন্ন শ্রেণীপেশার প্রায় অর্ধশত মানুষের সঙ্গে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদকের আলোচনা হয়। এঁদের প্রায় প্রত্যেকেই রাষ্ট্র পরিচালনায় বর্তমান সরকারের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতির কথা তুলে ধরেন। তবে কয়েকজন ব্যক্তি জঙ্গি দমনে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের পদক্ষেপের প্রশংসা করেছেন। রিকাবীবাজার এলাকার ব্যবসায়ী সবুর মিয়া বলেন, ‘টিভিতে দেখছি, হলমার্কের দুর্নীতি নিয়া অর্থমন্ত্রী কইছেন, যে পরিমাণ টাকা গেছে, এইটা কুনু টাকাই না। আবার দুই দিন পর এই বক্তব্যের লাগি মাফ চাইছইন। এই তামাশা আর ফাইজলামির মানেটা কী?’ একই এলাকার ফলবিক্রেতা আনসার আলী বলেন, ‘শেয়ারবাজার, ডেসটিনি, ইউনিপেটুইউ নিয়া কত কত লেখালেখি হইল। কিন্তু সমাধান তো কিছুই হইল না। আগামী নির্বাচনে মানুষ এই সব হাড়ে হাড়ে জবাব দিবে।’ শিবগঞ্জ এলাকার একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন ওই এলাকার বাসিন্দা স্কুলশিক্ষক সুবিমল সরকার। তিনি বলেন, ‘ড. ইউনূস প্রসঙ্গে সরকার যে ক্ষুব্ধতার প্রকাশ ঘটিয়েছে, তা সাধারণ মানুষের কাছে মোটেই ভালো লাগেনি। এত বড় গুণী মানুষকে এভাবে অপমান না করলেও সরকার পারত। এই এক কারণে আন্তর্জাতিক মহলে সরকারের অবস্থান নড়বড়ে হয়ে গেছে। এটা কি সরকার এখনো বুঝতে পারছে না? এ ছাড়া, পদ্মা সেতুর দুর্নীতির কথা মানুষ কি সহজেই ভুলে যাবে?’ এমসি কলেজের শিক্ষার্থী সাইফুর রহমান বলেন, ‘সরকার হুট করেই সিদ্ধান্ত নিয়ে বসে, পরীক্ষা ছাড়াই মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। এ অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আবার আগের অবস্থায় ফিরে আসে। তাহলে বুঝে না-বুঝে হুট করে এ ধরনের সিদ্ধান্ত কেন আগে নেওয়া হয়েছিল? বুয়েট প্রসঙ্গে এত জল ঘোলা করার প্রয়োজনটাই বা কী ছিল? আমি বুঝতে পারি না, এত কম বুদ্ধি দিয়ে সরকার দেশ চালাচ্ছে কীভাবে?’ ‘সরকার শুরু থেকেই বলে আসছে, দেশে এই সরকারের আমলে প্রচুর বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এটা যদি সঠিক হয়, তাহলে এত ঘন ঘন লোডশেডিং কেন হচ্ছে?’ বলেন শাপলাবাগ এলাকার গৃহিণী ইসরাত জাহান। যতরপুর এলাকার বাসিন্দা উন্নয়ন সংগঠক আফসার উদ্দিন বলেন, ‘সব জায়গায় এখন লেজে-গোবরে অবস্থা! এর জন্য বেশি দায়ী প্রধানমন্ত্রীর কিছু উপদেষ্টা। এঁদের এত ক্ষমতা দেওয়ার দরকারই বা কী?’ জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী খন্দকার মুহিবুল আলম বলেন, ‘আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ নিয়ে যদি এখনই সরকারি ও বিরোধী দল ঐকমত্যে না আসতে পারে, তাহলে ভবিষ্যতে দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে, তা কল্পনাও করতে পারছি না। এখনো সময় আছে, দেশের স্বার্থে দুই দলকে বসে মিলেমিশে কীভাবে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে করা যায়, সেটা নিয়ে ভাবতে হবে।’ কাজীর বাজার এলাকার আজগর আলী বলেন, ‘এই সরকারের আমলে জঙ্গিবাদের উত্থান হয়নি। এটা ভালো।’