'দেশের উন্নতিতে দরকার স্বাস্থ্যসেবার উন্নয়ন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিজস্ব অর্জন দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা এখন উন্নত বাংলাদেশ চাই। তবে শুধু অবকাঠামোগত উন্নয়ন হলে হবে না। দেশকে উন্নত করতে হলে পরিচ্ছন্নতা, পুষ্টি, শারীরিক সামর্থ্য ও স্বাস্থ্যসেবার উন্নয়ন করতে হবে। আর পুষ্টি ও স্বাস্থ্যের সঙ্গে শারীরিক শক্তিরও প্রয়োজন।’
গতকাল শনিবার সকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে আয়োজিত এক মতবিনিময় সভায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বেসরকারি সংস্থা হেলদি বাংলাদেশের চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান এ কথা বলেন।
পরিচ্ছন্নতা, পুষ্টি, শারীরিক সামর্থ্য ও স্বাস্থ্যসেবা বিষয়ে জনসচেতনতা বাড়াতে এই মতিবিনিময় সভার আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও হেলদি বাংলাদেশ।
বাহাদুর শাহ পার্কে আয়োজিত এই মতবিনিময় সভায় হোসেন জিল্লুর রহমান আরও বলেন, রাষ্ট্র বা প্রতিষ্ঠানের একার পক্ষে দেশকে উন্নয়নের পথে নেওয়া সম্ভব নয়। এ জন্য নাগরিকদের এগিয়ে আসতে হবে। সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
মতবিনিময় সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল বলেন, পর্যাপ্ত জনবল না থাকায় সিটি করপোরেশনের একার পক্ষে পরিচ্ছন্নতা, পুষ্টি, শারীরিক সামর্থ্য ও স্বাস্থ্যসেবা বিষয়ে সেবা দেওয়া সম্ভব নয়। তাই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। শহরকে নিজের মতো করে ভালোবাসতে হবে। তিনি বলেন, গত এক বছরে ডিএসসিসির নিজস্ব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে প্রায় আট লাখ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ডিএসসিসি ও হেলদি বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে হেলদি বাংলাদেশের পক্ষে হোসেন জিল্লুর রহমান ও ডিএসসিসির পক্ষে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় পরিচ্ছন্নতা, পুষ্টি, শারীরিক সামর্থ্য ও স্বাস্থ্যসেবার উন্নয়ন বিষয়ে একসঙ্গে কাজ করবে সংস্থা দুটি।
ডিএসসিসির ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রহমান মিয়াজি।
মতবিনিময় সভা শেষে বাহাদুর শাহ পার্ক থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি তাঁতীবাজার মোড় প্রদক্ষিণ করে আবার বাহাদুর শাহ পার্কে এসে শেষ হয়। এতে পুরান ঢাকার সেন্ট গ্রেগরিজ স্কুল অ্যান্ড কলেজ, পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বংশাল গার্লস হাইস্কুল, ইসলামবাগ আইডিয়াল কলেজ, চানখাঁরপুল নাজিমউদ্দিন রোড পঞ্চায়েত ও উন্নয়ন কমিটি এবং বাংলাদেশ ল অ্যান্ড জুরিস্ট অ্যাসোসিয়েশনসহ (ব্লাজা) শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।