প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা হলেন মেধাবিকাশের কারিগর। তাঁদের গবেষণালব্ধ জ্ঞান লাভ করে শিক্ষার্থীরা নিজেদের আলোকিত ও মেধাবী মানুষ হিসেবে গড়ে তুলবে। দেশের উন্নয়নকে বেগবান করতে হলে মেধা কাজে লাগাতে হবে।মন্ত্রী গতকাল শনিবার সকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের সমারম্ভ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য এ এস মাহফুজুল বারী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম। সমারম্ভ বক্তা ছিলেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ফিশারিজ অনুষদের ডিন সোমেন দেওয়ান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন মো. মাসুদুজ্জামান, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন পরিতোষ কুমার বিশ্বাস প্রমুখ। সমারম্ভ বক্তা আবুল মোমেন বলেন, বিশ্ববিদ্যালয় হল এমন একটি জায়গা, যেখানে বিদ্যা উৎপন্ন হয়। কিন্তু বর্তমানে অনেক বিশ্ববিদ্যালয় বিদ্যা উৎপন্ন করার কাজ থেকে দূরে সরে গেছে। গবেষণা হয়ে পড়েছে সীমিত। ফলে তাঁরা পেশাদারির জায়গা থেকেও বিচ্যুত হচ্ছে।