'দেশের একটি শিশুকেও রাস্তায় ঘুমাতে দেব না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘দেশের একটি শিশুকেও রাস্তায় ঘুমাতে দেব না। তারা রাতে আশ্রয়কেন্দ্রে থাকবে। সকালে স্কুলে যেতেই হবে।’
গতকাল রোববার পথশিশুদের পুনর্বাসন নিয়ে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি এনজিওগুলোকে পথশিশুদের আশ্রয়, শিক্ষাসহ বিভিন্ন সেবা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মাদক ও ভাঙারি ব্যবসায়ীসহ যাঁরা পথশিশুদের জিম্মি করে রেখেছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রকল্প এ সভার আয়োজন করে। রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মিলনায়তনে আয়োজিত সভায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ছাড়াও সমাজকল্যাণ মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি, দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), পথশিশুদের নিয়ে কর্মরত বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সরকার রাস্তা থেকে যাতে শিশুদের ধরে শুধু আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দায়িত্ব শেষ না করে সে আহ্বান জানান এনজিও ও দাতা সংস্থার প্রতিনিধিরা।
সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কারওয়ান বাজার, ফার্মগেট, তেজকুনীপাড়া, তেজগাঁও এলাকার পথশিশুদের বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, প্রাথমিকভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড ও দক্ষিণ সিটি করপোরেশনের কমলাপুর এলাকাকে পথশিশুমুক্ত করা হবে। তারপর এ দুইটি ওয়ার্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্যান্য এলাকায় কাজ করা হবে।
সভায় নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল হোসেন উত্তর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডে পরিচালিত এক জরিপের ফলাফল তুলে ধরেন। তিনি বলেন, জরিপে অংশ নেওয়া ৩১৭ জন শিশুর ৭০ শতাংশই পুনর্বাসনে আগ্রহ প্রকাশ করেছে।
সভায় অন্যান্যের মধ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম বক্তব্য দেন।