'দেশের নেতৃত্ব দিতে তরুণ প্রজন্মকে প্রস্তুত হতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, দেশের মোট জনসংখ্যার শতকরা ৪০ ভাগের বয়স ২৬ বছরের নিচে। এই তরুণ প্রজন্ম আগামী দিনে দেশের নেতৃত্ব দেবেন। এ জন্য তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে।
গতকাল শনিবার চট্টগ্রামের চন্দনাইশে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে জানুয়ারি-জুন ২০১৭ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পরিচিতিমূলক সভায় ইউজিসির চেয়ারম্যান এ কথা বলেন।
অধ্যাপক আবদুল মান্নান আরও বলেন, ‘তরুণ প্রজন্মের সামনে এখন দুটি সমস্যা। একটি মাদক, অন্যটি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ। আমি আশা করি, এ দেশের আর কোনো তরুণ এসব সমস্যায় জড়াবে না।’
চন্দনাইশের বিজিসি বিদ্যানগরের বঙ্গবন্ধু ফ্রিডম স্কয়ারে অনুষ্ঠিত পরিচিতিমূলক সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সরোজ কান্তি সিংহ হাজারী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক উদ্দিন আহমদ আশিক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অজিত কুমার দাশ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন রণজিৎ কুমার দে, পরীক্ষা নিয়ন্ত্রক মো. নুরুল হুদা সিকদার, আইন বিভাগের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন এ বি এম আবু নোমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আবছার, আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আক্তার, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ, ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী।
সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইনচার্জ এ এফ এম আখতারুজ্জামান কায়সার।