একটি চক্র পরিকল্পিতভাবে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের নৃশংসভাবে হত্যা করে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কেউই এদের কাছে নিরাপদ নয়। এ দেশের বৌদ্ধ সম্প্রদায় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে বাস করতে চায়। তারা এ দেশেরই নাগরিক। বৌদ্ধদের ওপর আর কোনো আক্রমণ মেনে নেবে না এ দেশের বৌদ্ধ সমাজ।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন। নগরের নন্দনকানন বৌদ্ধবিহারের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ সমিতি।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৭ সালে চট্টগ্রামের রাউজানে জ্ঞানজ্যোতি ভিক্ষু হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি। ২০১২ সালে রামুতে হামলার বিচারও হয়নি। বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে হত্যাসহ সব ধরনের অপরাধ বেড়ে চলেছে। দ্রুততম সময়ের মধ্যে বৌদ্ধ ভিক্ষুকে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচার করতে হবে।
বাংলাদেশ বৌদ্ধ সমিতির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান আদর্শ কুমার বড়ুয়ার সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির মহাসচিব সুদীপ বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের সভাপতি মৃগাঙ্ক প্রসাদ বড়ুয়া, বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সভাপতি সীমান্ত বড়ুয়া।
রাঙামাটিতে মানববন্ধন: রাঙামাটি অফিস জানায়, নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে রাঙামাটিতে বৌদ্ধধর্মাবলম্বীরা মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছেন। গতকাল সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়।
সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলা মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, অতীতেও বৌদ্ধবিহার ও ভিক্ষুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কিন্তু দোষী ব্যক্তিদের শাস্তি না হওয়ায় এ প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে।
হত্যাকাণ্ডের তদন্তের আগে দায়িত্বশীল ব্যক্তিদের ‘ধারণাপ্রসূত’ বক্তব্যের সমালোচনা করেন বৌদ্ধ ভিক্ষুরা।
রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে দেওয়া স্মারকলিপি পড়ে শোনান পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের রাঙামাটি জেলা শাখার সভাপতি শ্রদ্ধালংকার মহাস্থবির। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, মহাবোধি সোসাইটির সাধারণ সম্পাদক ইন্টুমণি চাকমা, বৌদ্ধ সাধক শুভদর্শী মহাস্থবির, সুমনা জ্যোতি মহাস্থবির ও সাধনা প্রিয় মহাস্থবির।
রোয়াংছড়িতে মানববন্ধন: বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে গতকাল বান্দরবানের রোয়াংছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। জাতিগত সংখ্যালঘু নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা, নোয়াতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা।