‘দেশের প্রকৃত ইতিহাস না জানলে এগোনো যাবে না’
মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এম আজিজুর রহমান বলেছেন, একটি দেশের প্রকৃত ইতিহাস না জানলে সামনের দিকে যাওয়া যাবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারও একক দলের নয়। তিনি সব দল ও মতের ঊর্ধ্বে। তাঁর কারণে সাতই মার্চের ভাষণে স্বাধীনতা ত্বরান্বিত হয়। তাঁর আহ্বানে সাড়া দিয়ে দেশবাসী মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। সত্যিকার অর্থে স্বাধীন দেশ গড়ে তুলতে এবং দেশ গঠনে শিক্ষার্থীদের স্বাধীনতা সম্পর্কে নিবিড়ভাবে জানতে হবে।তিনি গতকাল সোমবার সকালে সিলেটের জালালাবাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও সেনাসদরের পরিচালনায় ‘ইতিহাস কথা কয়—সংগ্রাম থেকে স্বাধীনতা’ শীর্ষক এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা প্রধান অতিথির কাছে মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেয়।আলোচনা পর্বের শুরুতে স্বাগত বক্তব্য দেন জালালাবাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল আলমগীর হোসাইন। সবশেষে মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর আগে সকালে শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধের সময়কার স্থিরচিত্রের প্রদর্শনী হয়।