'দেশের প্রথম' সাইকেল লেন হচ্ছে রাজশাহীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরে সাইকেল আরোহীদের চলাচল নির্বিঘ্ন করার জন্য পৃথক লেন হচ্ছে। গত রোববার রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের সামনে এই কাজের উদ্বোধন করেন সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
সিটি করপোরেশন সূত্র জানায়, প্রথমে সিঅ্যান্ডবি মোড় থেকে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত তিন হাজার ফুট সাইকেল লেন তৈরি করা হবে। ১০ ফুট চওড়া এই লেনের পাশেই থাকবে ১০ ফুট চওড়া ফুটপাত। সরকারের উন্নয়ন বরাদ্দ তহবিল থেকে এই ব্যয় নির্বাহ করা হচ্ছে। এতে খরচ পড়বে ৫২ লাখ টাকা। এ ছাড়া চলতি বছরেই আরও পাঁচ কিলোমিটার সাইকেল লেন তৈরি করা হবে। এগুলো হবে তালাইমারী থেকে ভদ্রা স্মৃতি অম্লান পর্যন্ত এবং নতুন বিল শিমলা থেকে কাশিয়াডাঙ্গা ও কলাবাগান সড়কের পাশে।
সাইকেল লেন উদ্বোধনের সময় অন্যদের মধ্যে সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীম ও রাজশাহীর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন উপস্থিত ছিলেন।
দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীম বলেন, কিশোর-কিশোরীরা নতুন সাইকেল কিনে তা ঘরে ফেলে রাখে। তারা সাইকেল চালানোর সুযোগ পায় না। তাদের সাইকেল চালানোর সুযোগ সৃষ্টি করতেই আলাদা লেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশে প্রথম। তিনি বলেন, যে রাস্তার পাশে জায়গা পাওয়া যাবে, সেখানেই সাইকেল লেন নির্মাণ করা হবে।
মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দীন বলেন, এখন সাইকেল আরোহী ও পথচারী সবাই এক রাস্তায় চলাচল করে। এ জন্য যানজট বাড়ে, দুর্ঘটনাও ঘটে। সাইকেল আলাদা লেন ধরে চললে পথচারীরা নির্বিঘ্নে চলতে পারবে। এতে দুর্ঘটনা ও যানজট—দুটোই কমবে।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, দুই বছর আগে থেকেই তাঁদের এই পরিকল্পনা ছিল। কিন্তু অর্থ বরাদ্দ না পাওয়ায় তাঁরা সাইকেল লেন নির্মাণ করতে পারেননি। বরাদ্দ পেলে সাইকেল লেন আরও বাড়ানো হবে।
কর্তৃপক্ষের এই উদ্যোগে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। রাজশাহী সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তথাপি আজাদ বলেছে, তার চাচা তাকে একটি সাইকেল কিনে দিয়েছেন। সে সাইকেল চালাতেও জানে। কিন্তু যানজটের ভেতর দিয়ে সাইকেল চালিয়ে যেতে ভয় পায় সে। তাই আলাদা সাইকেল লেন হলে সে স্বচ্ছন্দে সাইকেলে চেপে স্কুলে যেতে পারবে। তার পরামর্শ, যেখানে যানজট বেশি, সেখানে সাইকেল লেন করতে না পারলে এই উদ্যোগের পুরো সুফল পাওয়া যাবে না।
জানতে চাইলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, তিনি মেয়র থাকার সময়ই এই পরিকল্পনা করেছিলেন। এটি দেশে আর কোথাও নেই। তাঁরাই প্রথম করলেন।