'দেশের মানুষ ভালো আছে'
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশের মানুষ অর্থনৈতিকভাবে ভালো আছে। গত এক বছরে ১০ ভাগ জিডিপি বৃদ্ধি পেয়েছে। ব্যাপকহারে উন্নয়নমূলক কাজ হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সফলভাবে দেশ পরিচালনা করছে। গতকাল শনিবার ভোলার চর সামাইয়া ইউনিয়ন পরিষদে দরিদ্র ব্যক্তিদের মধ্যে বস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী ভেলুমিয়া, ভেদুরিয়া, চরসামাইয়া ইউনিয়নসহ ১৩টি ইউনিয়নের অসহায় গরিব দুস্থদের মধ্যে ২০ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। তিনি বলেন, ভোলা হবে স্বপ্নের নগর। শিল্প-কলকারখানায় সমৃদ্ধ জেলাটি দেশের অন্যতম জেলায় পরিণত হবে।
ভোলার নদীভাঙন প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেবেন উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, গত বছর মানুষ যে হারে পানিবন্দী হয়েছিল এ বছর তাদের দুর্ভোগ পোহাতে হয়নি। ভোলায় গ্যাসভিত্তিক ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপনের কাজ চলছে। আগামী নভেম্বর মাসে ওই কেন্দ্রের উদ্বোধন করা হবে। ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে উঠবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।