'দেশের শিক্ষাক্ষেত্রে প্রথম আলোর অবদান অনেক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর আয়োজনে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহযোগিতায় শিক্ষক মতবিনিময় সভায় আসা শিক্ষকেরা। ২০ সেপ্টেম্বর, বগুড়া। ছবি: সোয়েল রানা
প্রথম আলোর আয়োজনে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহযোগিতায় শিক্ষক মতবিনিময় সভায় আসা শিক্ষকেরা। ২০ সেপ্টেম্বর, বগুড়া। ছবি: সোয়েল রানা

দেশের শিক্ষাক্ষেত্রে অনেক অবদান রয়েছে প্রথম আলোর। প্রথম আলোর মাধ্যমে নানা শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক সফলতার গল্প উঠে আসে। সাফল্যের গল্প তুলে ধরার পাশাপাশি সংকটের খবরও জানায় এই সংবাদমাধ্যম। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সরব প্রথম আলো। স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে গণিত অলিম্পিয়াড, ফিজিকস অলিম্পিয়াডসহ জাতীয়ভাবে বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে এই প্রতিষ্ঠান। নতুনভাবে প্রথম আলো শিক্ষার্থীদের নিয়ে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করছে। এই কম্পিউটার প্রোগ্রামিং নতুন প্রজন্মকে পথ দেখাবে।

বগুড়ায় প্রথম আলো আয়োজিত ‘শিক্ষক মতবিনিময়’ সভায় আজ শুক্রবার এসব কথা উঠে আসে। বগুড়ার একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও পাঁচ তারকা হোটেল মম ইন-এর সহযোগিতায় এই মতবিনিময় সভার আয়োজন করে প্রথম আলো। মম ইন-এর কনভেনশন হলে সকাল ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মতবিনিময় সভায় বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলার ৯৯টি কলেজ ও ১টি মাদ্রাসার অধ্যক্ষ এবং শিক্ষকেরা অংশ নেন। এ ছাড়া উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষকেরা।

মতবিনিময় সভায় শিক্ষকেরা প্রথম আলোর প্রশংসা করে বলেন, শিক্ষাক্ষেত্রে প্রথম আলো অনেক অবদান রাখছে। প্রতিনিয়ত শিক্ষার্থীদের জন্য নতুন নতুন তথ্য দিয়ে যাচ্ছে। এর বাইরে শিক্ষাবিষয়ক ম্যাগাজিন, সাধারণ জ্ঞানের বই, মাদ্রাসাশিক্ষার জন্য আরও কিছু সংযুক্ত করার পরামর্শ দেন শিক্ষকেরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের পর প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গড়া পদ্মাপারের (রাজশাহীর চরখিদিরপুর) ‘আলোর পাঠশালা’ নিয়ে তৈরি করা একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। প্রদর্শিত হয় প্রথম আলোর বিভিন্ন কর্মকাণ্ডের ওপর নির্মিত ‌‘ভালোর সাথে, আলোর পথে’ তথ্যচিত্রটি। এরপর পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন রেজিস্ট্রার মোসলেম উদ্দিন। আর মম ইন-এর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন টিএমএসএসের শিক্ষা ও নির্বাহী সচিবালয়ের পরিচালক মো. খোরশেদ আলম।

শিক্ষক মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক এ কে এম আজাদ-উদ-দৌলা প্রধান। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, উত্তরবঙ্গের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই প্রতিষ্ঠান সম্পর্কে প্রতিনিয়ত মানুষকে জানানোর চেষ্টা করা হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক কম খরচে পড়াশোনা করা যায়। এখানে শিক্ষা ও গবেষণার মানও অনেক ভালো।

প্রথম আলোর আয়োজনে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহযোগিতায় শিক্ষক মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ২০ সেপ্টেম্বর, বগুড়া। ছবি: সোয়েল রানা
প্রথম আলোর আয়োজনে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহযোগিতায় শিক্ষক মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ২০ সেপ্টেম্বর, বগুড়া। ছবি: সোয়েল রানা

মতবিনিময় সভায় বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল হোসেন বলেন, সরকারের বাইরে প্রথম আলো দেশের একমাত্র পত্রিকা, যারা শিক্ষকদের সম্মাননার আয়োজন করেছে। এ কারণে প্রথম আলো ধন্যবাদ পাওয়ার যোগ্য। দেশের অগ্রযাত্রায় বিভিন্ন অবদান রয়েছে প্রথম আলোর। প্রথম আলো ট্রাস্ট মানবিক নানা কাজ করে যাচ্ছে। এই ট্রাস্টের মাধ্যমে শিক্ষা-সহায়তা দেওয়া হয়। আরও ভালো হবে যদি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে এই বৃত্তি দেওয়া যায়। তাহলে মানুষের মনে জাগরণ তৈরি হবে।

সিরাজগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শফিকুর রহমান তালুকদার বলেন, ‘শুরু থেকেই প্রথম আলোর সঙ্গে আছি। এখনো প্রতিদিন প্রথম আলোর অনলাইন কিংবা ছাপা কাগজ পড়ি। বাংলাদেশের অনেক অর্জনে প্রথম আলোর অনবদ্য অবদান রয়েছে।’ প্রথম আলোর আন্তর্জাতিক পাতা আরও বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, পুরো বিশ্ব একটি পাতায় ধারণ করা যায় কি না, ভেবে দেখা দরকার।

বগুড়ার তালোড়া সরকারি শাহ এয়তেবারিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আহম্মেদ বলেন, দেশে বর্তমানে প্রায় ২৭ লাখ উচ্চশিক্ষিত বেকার। বিভিন্ন কলেজে স্নাতক কোর্স থাকার কারণে উচ্চশিক্ষিত বেকারের হার দিন দিন বাড়ছে। উচ্চশিক্ষা সবার জন্য না করে শুধু মেধাবীদের জন্য করতে হবে। অন্য শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলে উচ্চশিক্ষিত বেকার কমবে। কারিগরি পাস করে কেউ চাকরি না পেলে উদ্যোক্তা হতে পারবে। প্রথম আলোর মাধ্যমে এ বিষয়টি উপস্থাপন করলে বাংলাদেশে বেকার সমস্যা কমবে। একই সঙ্গে দেশও আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাবে।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী জয়পুরহাটের কালাই উপজেলার হাতিয়র বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, শিক্ষাব্যবস্থায় সরকারি ও বেসরকারি বৈষম্য দূর না করলে শিক্ষার উন্নতি কামনা করা যায় না। এটি দূর করতে হবে। প্রথম আলোর শিক্ষা পাতায় মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠ্যবিষয় অন্তর্ভুক্ত করার বিষয়টি ভেবে দেখার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন কলেজের অন্তত ১০ জন অধ্যক্ষ ও শিক্ষক বক্তব্য দেন। বক্তারা বলেন, শিক্ষা পাতায় সাধারণ জ্ঞান ও ইংরেজির বিষয়গুলো বেশি করে তুলে ধরা দরকার। শিক্ষা নিয়ে ভবিষ্যতে প্রথম আলো আলাদা ম্যাগাজিন বের করতে পারে বলে অনেকে পরামর্শ দেন।

মতবিনিময় সভায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘প্রথম আলোর একটি লক্ষ্য উদ্দেশ্য ছিল: সত্য কথা বলব, আমরা সাহস করব, মুক্তিযুদ্ধের চেতনা বলতে যা বোঝায়—গণতন্ত্র, অসাম্প্রদায়িকতার বিষয়ে গভীরভাবে নজর রাখব। ২১ বছর ধরে এই কাজগুলো প্রথম আলো করে এই জায়গায় পৌঁছেছে। বাংলাদেশের ইতিহাসের রেকর্ড সাড়ে তিন থেকে চার বছরের মধ্যে প্রথম আলো বাংলাদেশের শীর্ষ কাগজ হয়েছে। শুরু থেকেই ইচ্ছা ছিল, দেশের এক নম্বর কাগজ হবে প্রথম আলো। নিজেদের আয়ে চলতে হবে। আয়ের জন্য কোনো রাজনৈতিক দল, প্রতিষ্ঠান বা ব্যবসায়ী গ্রুপের কাছে যাব না। আমরা সত্যিকার অর্থে মানুষের জন্য, দেশের অগ্রগতির জন্য, ভালোর জন্য কাজ করে যাব। এ ধারা প্রথম আলো অব্যাহত রাখবে।’

প্রথম আলোর আয়োজনে শিক্ষক মতবিনিময় সভায় দুজন অদম্য মেধাবীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। ২০ সেপ্টেম্বর, বগুড়া। ছবি: সোয়েল রানা
প্রথম আলোর আয়োজনে শিক্ষক মতবিনিময় সভায় দুজন অদম্য মেধাবীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। ২০ সেপ্টেম্বর, বগুড়া। ছবি: সোয়েল রানা

মতিউর রহমান আরও বলেন, ‘প্রথম আলো দৈনিক সংবাদপত্রের পাশাপাশি বিভিন্ন ম্যাগাজিনও বের করে। প্রথম আলোর প্রকাশনাও রয়েছে। সবকিছুর উদ্দেশ্য হলো, নতুন কিছু মানুষের সামনে তুলে ধরা, মানুষকে স্বপ্ন দেখানো। তাঁদের ভালো কাজে উদ্বুদ্ধ করা। আমাদের একটি প্রধান লক্ষ্য, সবার প্রচেষ্টায় সব ক্ষেত্রে বাংলাদেশের জয় হোক।’

কৃষিক্ষেত্রে অবদানের কথা উল্লেখ করে প্রথম আলোর সম্পাদক আরও বলেন, বাংলাদেশ সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছে কৃষিক্ষেত্রে। ধান উৎপাদনে বিশ্বের তিন নম্বর স্থানে রয়েছে বাংলাদেশ। সবজি উৎপাদনেও এগিয়ে গেছে বাংলাদেশ। শিল্প–কলকারখানাসহ অনেক ক্ষেত্রেই বাংলাদেশের অগ্রগতি রয়েছে। এই অগ্রগতির খবর প্রথম আলোর মাধ্যমে দেশের মানুষকে জানাতে হবে।

মতিউর রহমান বলেন, ‘মানুষকে উৎসাহিত করতে চাই। এর মাধ্যমে স্বাধীনতার লক্ষ্যকে স্থির করতে চাই। কোনো ঝামেলার খবর আমাদের তৃপ্তি দেয় না। এর জন্য আমাদের সফলতার খবরও বলতে হবে। প্রথম আলো শুধু সংবাদপত্রই বের করে না। এর বাইরে প্রথম আলো ৪০টির মতো জাতীয় নানা ধরনের কর্মসূচি পালন করে থাকে। বিশ্বের সবচেয়ে বড় গণিত অলিম্পিয়াড করে প্রথম আলো। দেশের বিভিন্ন শহরে এই আয়োজন হয়। পদার্থ অলিম্পিয়াড, বিতর্ক অনুষ্ঠান ও নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমরা বাংলাদেশের মানুষের সফলতা দেখতে চাই। আমরা বাংলাদেশের মানুষের বিজয় দেখতে চাই। আমরা স্কুল-কলেজে-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যেতে চাই। এই শিক্ষার্থী আর শিক্ষকেরা মিলে বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি করে দিতে পারে। শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে। ছেলেমেয়েরা প্রায় শতভাগ স্কুলে যাচ্ছে এখন। সফলতা এক দিনে আসে না, এ জন্য আমাদের চেষ্টা থাকবে।’

বেকার সমস্যার কথা উল্লেখ করে প্রথম আলোর সম্পাদক আরও বলেন, ‘বাংলাদেশে বেকার সমস্যা রয়েছে। চাকরির স্বল্পতা আছে। এ কারণে আমাদের দেশের ছেলেমেয়েরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করেন। আমরা চাই দেশে শিল্প–কলকারখানার উন্নতি হোক। তাহলে আমাদের ছেলেমেয়েরা দেশেই চাকরি করতে পারবে।’

প্রযুক্তির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মতিউর রহমান বলেন, টিএমএসএস এই অঞ্চলে শিক্ষার জন্য অনেক কিছু করেছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করেছে। বর্তমানে কম্পিউটার প্রোগ্রামিং খুব জরুরি একটি বিষয়। প্রথম আলো এরই মধ্যে এই প্রতিযোগিতার আয়োজন করছে। সব স্কুল-কলেজে আইসিটি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এ দেশের ছেলেমেয়েরা দারুণ মেধাবী। কম্পিউটার প্রোগ্রামিং নতুন প্রজন্মকে পথ দেখাবে।

অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক জানান, শিক্ষার্থীদের বইমুখী করতে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহযোগিতায় আগামী ছয় মাস ১০০টি কলেজে বিনা মূল্যে প্রথম আলোর দুটি করে সংখ্যা সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দুজন পত্রিকা বিক্রেতার ছেলেকে বৃত্তির অর্থের চেক দেওয়া হয়। বৃত্তি পাওয়া দুই শিক্ষার্থী হলো নওগাঁ জেলার উত্তরগ্রাম দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী শেহেরিয়ার ও রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আবু সাইদ। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় তাদের বৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম আফজাল হোসেন, প্রথম আলোর বিশাল বাংলা বিভাগের প্রধান তুহিন সাইফুল্লাহ ও জ্যেষ্ঠ প্রতিবেদক ইখতেখার মাহমুদ উপস্থিত ছিলেন।