'দেশ-মায়ের সেবা করছি'

‘ছোটবেলায় মা-বাবাকে হারিয়েছি। তখন থেকে জীবনকে অর্থহীন মনে হতো। আর জীবনে তেমন চাওয়া-পাওয়ারও কিছু ছিল না। তবে এই ধারণা ভেঙে গেছে করোনা আসার পর। আমি যে সাবজেক্টে (বিষয়) পড়ি, তাতে করোনা নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে। তখন নিজের জীবনকে কিছুটা হলেও অর্থবহ মনে হয়েছে। এখন ল্যাবে যে কাজ করি, তা তো আসলে আমার আরেকটা মা বাংলাদেশের জন্যই করা। বেঁচে থাকলে আমার বাবা-মা হয়তো খুব খুশি হতেন।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী সাখাওয়াত হোসেন। তিনিসহ বিভাগের কয়েক শিক্ষার্থী ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে কাজ করছেন। চট্টগ্রামের যে দুই ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে, এর মধ্যে এটি একটি। কোনো বাধ্যবাধকতা ছিল না, আবার নেই কোনো প্রণোদনা—এরপরও কেন করোনাভাইরাসের নমুনা শনাক্তকরণ ল্যাবে কাজ করতে আগ্রহী হয়েছেন, তার কারণ জানাচ্ছিলেন তিনি।
সাখাওয়াতের মতো এই ল্যাবে কাজ করছেন একই বিভাগের আরও চারজন শিক্ষার্থী রক্তিম বড়ুয়া, আসমা সালাউদ্দিন, সৈয়দ মোহাম্মদ লোকমান ও ইমরান হোসেন এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের খালিদ জুহাইন। করোনার বিরুদ্ধে যুদ্ধের একেবারে সম্মুখ সারির যোদ্ধা তাঁরা। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত আরটিপিসিআর যন্ত্রের মাধ্যমে কোভিড-১৯ রোগ শনাক্ত করার কাজ করে যাচ্ছেন এই শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ শিক্ষার্থী বর্তমানে দেশের সাতটি ল্যাবে নমুনা শনাক্তকরণের কাজ করছেন। প্রতিদিন ল্যাব টেকনোলজিস্টদের সংগ্রহ করে নিয়ে আসা সন্দেহভাজন রোগীদের নমুনা নিয়ে কাজ করেন তাঁরা। এসব নমুনা পরীক্ষার জন্য প্রস্তুতির সময় একটু অসতর্ক হলেই নিজেদেরই আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। নেই কোনো চাকরির তাগিদ, নেই কোনো অর্থের হাতছানি, নেই কোনো পুরস্কার। তারপরেও তাঁরা কাজ করে যাচ্ছেন বাংলাদেশকে বাঁচাতে।
অথচ চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাবের কার্যক্রম যখন শুরু হয়, তখন জনবলসংকট ছিল প্রকট। বলতে গেলে অভিজ্ঞ কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত কোনো জনবলই ছিল না। শুধু ল্যাব পরিচালক শাকিল আহমেদ ঢাকা থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন। তিনি যোগাযোগ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম অ্যানিমেল সায়েন্সেস অ্যান্ড ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে।
ফেসবুক, পত্রিকা আর শিক্ষকদের কাছে শুনে ল্যাবে কাজ করতে আগ্রহী হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা নিজেরাই যোগাযোগ করেন সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে। তাঁদের এই আগ্রহে উৎসাহ দিয়েছেন পরিবারের সদস্যরা। পেছনে থেকে সাহস জুগিয়েছেন শিক্ষকেরা।
এই শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা পারশ্রমিকে করোনাযুদ্ধে অংশ নিচ্ছেন। শুধু বিবেকের দায় ও দেশপ্রেম থেকে এই কাজ করে যাচ্ছেন তাঁরা৷ ল্যাবে করোনা শনাক্ত পরীক্ষার শুরুর একেবারে প্রথম থেকে যুক্ত আছেন। মূলত তাঁদের অংশগ্রহণের পরেই এই ল্যাবের কার্যক্রম পায় দ্রুতগতি, বাড়তে থাকে শনাক্তকৃত নমুনার সংখ্যা ও সক্ষমতা।
শুরুতে কিছু প্রতিবন্ধকতা ও বাধার সম্মুখীন হতে হয়। তবে সব বাধা–বিপত্তি উপেক্ষা করে ঠিকই দায়িত্ব পালন করছেন এই তরুণ-তরুণী। ঝুঁকি জেনেও পিছপা হননি দায়িত্ব পালনে। তাঁদের কেউ বাধ্য করেননি এই কাজে অংশ নিতে।
শিক্ষার্থীদের একজন আসমা সালাউদ্দিন। স্নাতক পরীক্ষায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করা আসমা সামাজিক প্রতিবন্ধকতা বা ঝুঁকি সত্ত্বেও কেন এই কাজে আগ্রহী হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এখন মানুষের জন্য কাজ করার সুযোগ এসেছে, কেন আমি তা করব না। আমার তো পিসিআর নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। আমি যদি এই অভিজ্ঞতা এখন কাজে না লাগাই, তাহলে কখন করব?’
দিনভর ল্যাবের কাজ করতে করতে অনেক সময় ঠিক সময়ে দুপুরের খাবার খাওয়ারও সময় পেতেন না রক্তিম বড়ুয়া। তাঁর কথা, দুপুরের খাবার খেতে এক ঘণ্টা সময় লাগে। তখনো ওই সময়ে অন্তত ১৫টি নমুনা পরীক্ষার জন্য প্রস্তুত করা যায়। যদি খাবারের পেছনে এক ঘণ্টা সময় নষ্ট হয়, তাহলে ১৫ জনের নমুনা পরীক্ষা পিছিয়ে যাবে, মানুষ বঞ্চিত হবে।
করোনা ল্যাবে কাজ করার কথা শুনে শুরুর দিকে অনেকেই নিরুৎসাহিত করার চেষ্টা করেছেন। রোগে আক্রান্ত হওয়ার ভয় দেখিয়েছেন। তবে তাতে দমে না গিয়ে পূর্ণ উদ্যোমে কাজে যুক্ত হয়েছেন। একে অপরকে সাহস দিয়েছেন।
শিক্ষার্থীরা যাতে নিবিড়ভাবে কাজ করতে পারেন, সে জন্য এগিয়ে এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার। যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ির ব্যবস্থা করেছেন, জোগাড় করেছেন পিপিই। প্রতিদিন সকাল সকাল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে শারীরিক অবস্থা জেনে নেন। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য পিপিই ও খাবার পাঠিয়েছেন সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান। ঢাকার আইকিউব, বুয়েট ক্লাব চট্টগ্রামসহ অনেকে ফেসবুকে দেখে সার্জিক্যাল পিপিই, মাস্ক, গ্লাভসসহ বিভিন্ন উপকরণ উপহার দিয়েছেন।
নানা অপ্রাপ্তির মধ্যে মানুষের এসব উদ্যোগ অনুপ্রেরণা হিসেবে কাজ করে বলে জানান শিক্ষার্থীরা। এসব কারণে দিন শেষে সব নেতিবাচক মন্তব্য বা নিরুৎসাহের বিষয়টি চাপা পড়ে যায়।
শুধু এই শিক্ষার্থীরা নন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা ছড়িয়ে পড়েছে পুরো দেশে করোনা শনাক্ত করার কাজে সাহায্য করতে। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি এই বিভাগের শিক্ষার্থীরাই স্বেচ্ছাসেবকের কাজ করছেন বলেন জানান বিভাগের শিক্ষকেরা।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে আছেন মোহাম্মদ রাশেদুজ্জামানসহ তিনজন, চট্টগ্রাম মেডিকেল কলেজে যোগ দিচ্ছেন শুভ দাশসহ চারজন ছাত্র ও গবেষক, ঢাকা শিশু হাসপাতালে কাজ করছেন আফরোজা আক্তার, আইসিডিডিআরবিতে কাজ করছেন মোহাব্বত হোসেন ও ইমরান হোসেন, ময়মনসিংহ মেডিকেল কলেজে পবিত্র দেবনাথ এবং জামালপুরের ল্যাবে জাকির হোসেন। বিভাগের শিক্ষক এস এম রফিকুল ইসলাম, মোহাম্মদ আল ফোরকান, আদনান মান্নান ও লায়লা খালেদা বিভিন্ন করোনা শনাক্তকরণ কেন্দ্রে আছেন পরামর্শক হিসেবে এবং করছেন গবেষণাও।
বিআইটিআইডি ল্যাবে দায়িত্বরত শিক্ষার্থীদের মতে, চট্টগ্রামে আরও করোনা পরীক্ষার জন্য ল্যাব হওয়া উচিত। এতে পরীক্ষার সংখ্যা বাড়বে। ফলে পরিস্থিতি সম্পর্কে দ্রুত ধারণা পাওয়া যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন অনেক দক্ষ শিক্ষক, তাই বিশ্ববিদ্যালয়েই একটি ল্যাব স্থাপন করা যায়।
তাঁদের প্রত্যাশা, ল্যাবগুলোতে জনবলসংকট রয়েছে। তাই পরীক্ষার কাজ দ্রুত ও নির্ভুল করতে অন্য শিক্ষার্থীরাও স্বেচ্ছায় এগিয়ে আসবেন। এতে মানুষ ও দেশ উপকৃত হবে।