'দোলনা'র ওড়না গলায় পেঁচিয়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের আড়ার সঙ্গে ওড়না ঝুলিয়ে দোলনা বানিয়ে খেলার সময় এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুর নাম সুবর্ণা খাতুন (১০)। গত শুক্রবার বগুড়ার শেরপুর উপজেলার ধড়মোকাম গ্রামে এ ঘটনা ঘটে।
সুবর্ণা উপজেলার ধড়মোকাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা আমির হোসেন একজন দিনমজুর। পুলিশ শুক্রবার রাত আটটার দিকে লাশ উদ্ধার করেছে।
সুবর্ণার মা হালিমা খাতুন বলেন, তাঁর মেয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না বেঁধে দোলনার মতো বানিয়ে তা হাত ও গলায় জড়িয়ে প্রায়ই দুলত। এতে মেয়ের মৃত্যু হতে পারে, তা তিনি আগে বুঝতে পারেননি। শুক্রবার বিকেলে তার মেয়ে ঘরে একইভাবে খেলা করছিল। এ সময় তিনি পাশের একটি খেতে শাক তুলতে গিয়েছিলেন। শাক তুলে সন্ধ্যায় ঘরে ফিরে দেখেন মেয়ের লাশ ঝুলে আছে। ঘরের দরজাও খোলা ছিল।
শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মা বলেন, এ ঘটনায় আমির হোসেনের দেওয়া অভিযোগটি অস্বাভাবিক মৃত্যু মামলা (ইউডি) হিসেবে রেকর্ড করা হয়েছে।