বাংলাদেশের ক্রিকেট দলের তিন খেলোয়াড় সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও রবিউল ইসলামকে সংবর্ধনা দিয়েছে ঢাকায় অবস্থানরত সাতক্ষীরাবাসী। দলের খেলোয়াড়েরা বলেছেন, তাঁদের চাওয়া একটাই—দোয়া করবেন, সাথে থাকবেন।
গতকাল রোববার বিকেলে রাজধানীর বিএমএ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে ঢাকায় অবস্থানরত সাতক্ষীরা জেলার সাংসদ ও মান্যগণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খেলোয়াড়দের ক্রেস্ট, জাতীয় পতাকা ও ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।
সভায় সদ্যসমাপ্ত বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের সেনসেশন মুস্তাফিজুর রহমান বলেন, ‘দোয়া করবেন, দেশের জন্য যেন অনেক দিন খেলতে পারি।’ সৌম্য সরকার বললেন, ‘আমাদের সম্মানিত করার জন্য সবাইকে ধন্যবাদ।’ পেসার রবিউল ইসলাম বলেন, ‘আজকে আমাদের যে সম্মান দেওয়া হলো, তা সারা জীবন মনে থাকবে।’
অনুষ্ঠানের সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা থেকে নির্বাচিত সাংসদ আ ফ ম রুহুল হক ক্রিকেটারদের উদ্দেশ করে বলেন, ‘এটা তোমাদের শুরুর শুরু। নিজেদের মধ্যে অহমিকা না এলে, নিয়মিত অনুশীলন করলে তোমরা অনেক দূর যাবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, সাংসদ মোস্তফা লুৎফুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক মনসুর আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান প্রমুখ।