সংসার চালাতে কেউ দিনমজুরের কাজ করেন, কেউবা করেন টিউশনি। বেতন পাবেন—এই আশায় অনেকে দোকান থেকে বাকিতে জিনিসপত্র কিনেছেন। কেউবা স্বজন ও পরিচিতদের কাছ থেকে মাসে মাসে ধার করেছেন। কিন্তু দোকানদারও এখন আর তাঁদের ধার দিতে চান না। মাসের পর মাস বেতন-ভাতা না পাওয়া এই মানুষেরা সবাই শিক্ষক।
খাগড়াছড়ির দীঘিনালার ১২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা দেড় বছর ধরে বেতন পাচ্ছেন না। এসব বিদ্যালয় ২০১৩ সালে জাতীয়করণ করা হয়। বেতন না পেয়ে ৪৮ জন শিক্ষক মানবেতর জীবন যাপন করছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী তিন ধাপে সারা দেশের ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় আনা হয়। দ্বিতীয় ধাপে ২০১৩ সালের ৬ অক্টোবর দীঘিনালার খেঙত্যা কারবারিপাড়া, নেত্রজয় কারবারিপাড়া, ডিপিপাড়া, চমড়াছড়ি সুশীল জীবন হেডম্যানপাড়া, মনীন্দ্র কারবারিপাড়া, পূর্ব বাঁচামরুং, দিলচাঁন কারবারিপাড়া, রঞ্জন মনি কারবারিপাড়া, পাগলা মহাজনপাড়া, পূর্ণচন্দ্র কারবারিপাড়া, চন্দ্রমোহন কারবারিপাড়া ও পূর্ব উদাল বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নেত্রজয় কারবারিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরৎ কান্তি চাকমা জানান, গ্রামে টিউশনি করে কোনোরকম তাঁর সংসার চালছে।
চন্দ্রমোহন কারবারিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন বিকাশ চাকমা, পূর্ব বাঁচা মরুং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগৎময় চাকমা ও মনীন্দ্র কারবারিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকীর্তি চাকমা বলেন, ১২টি বিদ্যালয়ের অনেক শিক্ষক বিদ্যালয় ছুটির পর মজুরি খাটেন। অনেকে বেতন পাওয়ার আশায় এত দিন দোকানে বাকি করেছেন। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে দোকানদার পর্যন্ত আর বাকি দিতে চান না। বেতন না পেয়ে এভাবে কত দিন চলা যায়? শিক্ষক হয়ে নিজেদের দুঃখ-কষ্টের কথা অন্যদের কাছে বলতেও সংকোচবোধ করেন অনেকে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝরনা চাকমা বলেন, ‘জাতীয়করণের দ্বিতীয় ধাপে ১২টি বিদ্যালয় জাতীয়করণ হয়েছে এটা সত্য। কিন্তু ১২টি বিদ্যালয়ের ৪৮ জন শিক্ষক-শিক্ষিকাকে জাতীয়করণের চিঠি আমরা এখনো পাইনি।’
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুল জাহিদ বলেন, ১২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হওয়ার পরও শিক্ষক-শিক্ষিকারা কেন বেতন-ভাতা পাচ্ছেন না, সে বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।